চলতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন — বের হয়ে যাবার অপেক্ষায় বালুভর্তি নৌযান
- আপডেট সময়ঃ ০৩:৩০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / ১২১ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জের চলতি নদীতে আবারও চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। নদীর তীরে সারিবদ্ধভাবে রাখা হয়েছে একাধিক বড় নৌকা, যেগুলোর প্রতিটিই ভর্তি বালু নিয়ে বের হয়ে যাবার অপেক্ষায়।
নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের জন্য এটি মারাত্মক হুমকি হয়ে দাঁড়ালেও প্রশাসনের তেমন কোনো দৃশ্যমান উদ্যোগ চোখে পড়ছে না।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে সরেজমিনে দেখা যায়, সদর উপজেলা জাহাঙ্গীর নগর ইউনিয়ন সাহেব নগর, ও কায়ের গাও নদীর পাড়ে বিশ-এর অধিক বড় নৌকা বালুতে পূর্ণ অবস্থায় রাখা আছে। স্থানীয় সূত্রে জানা যায়, এসব বালু চলতি নদী থেকেই অবৈধভাবে উত্তোলন করা হয়েছে। পরে ট্রলারের মাধ্যমে এগুলো জেলার বিভিন্ন স্থানে বিক্রির জন্য পাঠানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি বলেন, “রাতে নদীর মাঝখানে বালু উত্তোলনের কাজ চলে। প্রশাসন জানে, কিন্তু কেউ কিছু বলে না। মাঝে মাঝে অভিযান এলেও পরে আবার আগের মতোই শুরু হয়।”

পরিবেশবাদীরা বলছেন, চলতি নদীসহ জেলার বেশ কিছু নদীতে এভাবে নির্বিচারে বালু উত্তোলনের ফলে নদীর গভীরতা কমে যাচ্ছে, তীর ভাঙন বাড়ছে এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মন্তব্য পাওয়া যায়নি।
সচেতন মহলের দাবি, অবিলম্বে এ ধরনের অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক, যাতে নদী ও প্রকৃতি রক্ষা পায়।





















