বিজয়ীদের গেজেট কবে? শপথ পড়াবেন কে?
বিএনপির নিরঙ্কুশ জয়: ১৪ ফেব্রুয়ারির মধ্যে গেজেট, শপথ নিয়ে আইনি পথ খুঁজছে ইসি
- আপডেট সময়ঃ ০৭:০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ০ বার পড়া হয়েছে।
গণঅভ্যুত্থানের পর এক নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দীর্ঘ দেড় দশক পর অনুষ্ঠিত এই ‘আওয়ামী লীগবিহীন’ নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হওয়া জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচনের আনুষ্ঠানিক পরিসংখ্যান তুলে ধরেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি জানান, ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির ফলাফল ঘোষণা করা হয়েছে। আদালতের নির্দেশে চট্টগ্রামের দুটি আসনের ফলাফল স্থগিত রয়েছে এবং প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ হয়নি।
ফলাফল ও ভোট প্রদানের হারঃ
ইসি সচিবের তথ্যমতে, এবারের সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ। একই দিনে অনুষ্ঠিত জাতীয় গণভোটে ভোট প্রদানের হার আরও কিছুটা বেশি, যা ৬০.২৬ শতাংশ। নির্বাচনে অংশ নেওয়া অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা বাকি আসনগুলোতে জয়ী হয়েছেন।
গেজেট প্রকাশ কবে?
বিজয়ীদের নাম ও ফলাফলের সরকারি গেজেট প্রকাশের বিষয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারির (শনিবার) মধ্যে গেজেট সম্পন্ন করার প্রস্তুতি রয়েছে। গেজেট প্রকাশের পর নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের প্রক্রিয়া শুরু হবে।
শপথ পড়াবেন কে?
সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানো নিয়ে কিছুটা আইনি জটিলতা ও ব্যতিক্রমী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাধারণত স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ পাঠ করান। তবে বর্তমান স্পিকারের অনুপস্থিতি এবং ডেপুটি স্পিকার কারাবন্দী থাকায় বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আইন উপদেষ্টা জানান, সংবিধান অনুযায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার না থাকলে রাষ্ট্রপতির মনোনীত কোনো ব্যক্তি (যেমন প্রধান বিচারপতি) শপথ পাঠ করাতে পারেন। এছাড়া নির্বাচনের ফলাফল গেজেট হওয়ার তিন দিনের মধ্যে শপথ আয়োজনে ব্যর্থ হলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শপথ পাঠ করানোর এখতিয়ার রাখেন।
অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ে অর্থাৎ আগামী ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠনের লক্ষ্যে কাজ করছে।
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, “একটি অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। এখন আমরা গেজেট প্রকাশের দাপ্তরিক কাজ দ্রুত শেষ করছি।”
সুত্রঃবিডিনিউজ24










