অন্তর্বর্তী সরকার নিজেরাই একটা অবস্থা তৈরি করছে,যাতে নির্বাচন ব্যাহত হয়- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- আপডেট সময়ঃ ০৭:২৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ১১০ বার পড়া হয়েছে।
অন্তর্বর্তী সরকার নিজেরাই একটা অবস্থা তৈরি করছে—যাতে নির্বাচন ব্যাহত হয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিকাল ৪টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র্যালি শুরু হয়।
র্যালিটি নয়াপল্টন থেকে কাকরাইল, মালিবাগ ও বাংলামোটর হয়ে সোনারগাঁও হোটেলের সামনে গিয়ে শেষ হবে। র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশের জন্য কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়।
বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে অন্তর্বর্তী সরকার—যাদের আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি। তারা আজকে নিজেরাই একটা অবস্থা তৈরি করছে—যাতে নির্বাচন ব্যাহত হয়। এই রাজনৈতিক দলগুলোর জোট একটা, গণভোটের জন্য চাপ দিচ্ছে। আজকে খুব পরিষ্কারভাবে বলতে চাই, তারাও নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে বলে দিতে চাই—গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘আজকে একটা রাজনৈতিক দল, তারা একটা জোট বানিয়েছে। বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে যে, নির্বাচনের আগেই গণভোট হতে হবে। কেন নির্বাচনের আগে গণভোট হতে হবে? আমরা বলেছি, আমরা গণভোট মানছি, কিন্তু গণভোট নির্বাচনের দিনই হতে হবে। কারণ দু’টি ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে।’
আরও উল্লেখ করেন, ‘যে কোনো ধরনের ষড়যন্ত্র বা বাধা আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না। আমরা জনগণের পাশে আছি এবং তাদের অধিকার রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে হবে।’
সমাবেশে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দও তাদের বক্তব্যে জনগণের অধিকার এবং সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তারা বলেন, ‘দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই। আমরা সবাই মিলে এই লক্ষ্য অর্জনে কাজ করে যাব।’
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক।











