ভিসা সমস্যার সমাধানে কাজ হচ্ছেঃ
জনগণের ম্যান্ডেট নিয়ে মেরুদণ্ড সোজা করে বিশ্বমঞ্চে এগোবে বাংলাদেশ: শামা ওবায়েদ
- আপডেট সময়ঃ ০৮:৩০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ৭ বার পড়া হয়েছে।
দীর্ঘ সময় পর দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে মৌলিক পরিবর্তনের আভাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনো নতিস্বীকার নয়, বরং জনগণের ম্যান্ডেটকে পুঁজি করে ‘মেরুদণ্ড সোজা রেখে’ বিশ্বের সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ভিসা জটিলতা নিরসনে বিশেষ উদ্যোগঃ
সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশের ভিসা প্রাপ্তিতে সাধারণ মানুষের ভোগান্তি ও জটিলতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয় এই সমস্যা সম্পর্কে পুরোপুরি অবগত। ভিসা সংক্রান্ত বিদ্যমান সংকটগুলো কীভাবে দ্রুত সমাধান করা যায়, তা নিয়ে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। আশা করছি খুব দ্রুতই আমরা একটি ইতিবাচক সমাধানে পৌঁছাতে পারব।”
সবার অন্তর্ভুক্তিতে জাতীয় সিদ্ধান্তঃ
দীর্ঘদিন পর দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার আসায় পররাষ্ট্রনীতিতে স্বচ্ছতা ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, “গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি যেমন হওয়া উচিত—বাংলাদেশ ঠিক সেভাবেই সামনের দিকে এগোবে। শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় একা নয়; আমরা রাজনৈতিক দল, মত-পথ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সিভিল সোসাইটিসহ সবাইকে আস্থায় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে চাই। আমাদের মেরুদণ্ড এখন শক্ত, কারণ আমাদের পেছনে জনগণের সমর্থন আছে।”
তিনি আরও যোগ করেন, “বিশ্ববাসীকে এখন বাংলাদেশকে ভিন্ন নজরে দেখতে হবে। আমরা আত্মমর্যাদার সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের অবস্থান জানান দিতে চাই।”
প্রতিবেশী দেশ ও দ্বিপাক্ষিক চ্যালেঞ্জঃ
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বাস্তবসম্মত অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, “প্রতিটি রাষ্ট্রের সঙ্গেই আমাদের কিছু না কিছু চ্যালেঞ্জ বা অমীমাংসিত ইস্যু থাকে। এটি স্বাভাবিক। তবে সেসব সংকট নিরসনে আমরা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উভয় পথেই আলোচনা চালিয়ে যাব।”
প্রতিমন্ত্রী দৃঢ়তার সঙ্গে জানান, “যেকোনো দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের জনগণের স্বার্থ ও জাতীয় নিরাপত্তাকে সবার আগে অগ্রাধিকার দেওয়া হবে। আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই, তবে তা হবে পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে।”
তথ্যসহায়তাঃবাংলাট্রিবিউন



















