দিরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল অটোরিকশা: বৃদ্ধা নিহত, হাসপাতালে চিকিৎসাধীন ৪
- আপডেট সময়ঃ ০৮:৩৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ৪১ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জের দিরাই উপজেলায় অনুমোদনহীন ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার চরনারচর ইউনিয়নের লৌলারচর গ্রাম সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে একই পরিবারের শিশুসহ আরও চারজন আহত হয়েছেন।
নিহত বৃদ্ধার নাম পারুল বালা (৬৫)। তিনি পার্শ্ববর্তী শাল্লা উপজেলার ভোলানগর গ্রামের সুকেশ দাসের স্ত্রী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পারুল বালা দিরাইয়ে তাঁর মেয়ের বাড়ি থেকে নিজ গ্রাম ভোলানগরে ফিরছিলেন। ফেরার পথে লৌলারচর গ্রামের ভেতরের সড়কে একটি ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে বহনকারী অনুমোদনহীন ব্যাটারিচালিত অটোরিকশাটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে অটোরিকশার নিচে চাপা পড়ে পারুল বালাসহ ৫ যাত্রী গুরুতর আহত হন।
গ্রামবাসীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। গুরুতর অবস্থায় পারুল বালাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত অন্যরা হলেন— সিপা দাস (১৩), পুলনা দাস (৩০), নির্জন দাস (৬) এবং নিকলেট দাস (২৫)। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা সবাই বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রশান্ত তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “হাসপাতালে নিয়ে আসার আগেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছিল। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।





















