ধর্মপাশায় আদালত চত্বরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু
- আপডেট সময়ঃ ০৫:১৬:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / ৫২ বার পড়া হয়েছে।
আদালতে হাজিরা দিতে এসে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় স্বামী আক্তার হোসেনের (৪০) ধারালো ছুরিকাঘাতে স্ত্রী শরীফা আক্তারের (২৮) মৃত্যু হয়েছে আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। গুরুতর আহত শরীফা আক্তার আজ বেলা দুইটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া গ্রামের হেকিম মীর্জার ছেলে আক্তার হোসেনের সঙ্গে পাশের নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামের রমজান আলীর মেয়ে শরীফার প্রায় ১০ বছর আগে বিয়ে হয়। স্বামীর নির্যাতন সইতে না পেরে প্রায় এক বছর আগে শরীফা তার সাড়ে তিনবছর বয়সী মেয়ে সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান। এ অবস্থায় স্বামী আক্তার হোসেন তাঁর স্ত্রী ও সন্তানকে উদ্ধার করার জন্য ধর্মপাশা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সাড়ে তিনবছর বয়সী শিশু সন্তানকে নিয়ে এই মামলায় হাজিরা দিতে এসে আইনজীবীর সঙ্গে পরামর্শ করার জন্য ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে অপেক্ষা করছিলেন শরীফা। এ সময় স্বামী আক্তার হোসেন আকস্মিকভাবে স্ত্রী শরীফার পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে আদালতের পুলিশের কাছে ধারালো ছুরিটিসহ তাঁকে হস্তান্তর করেন। আহত শরীফাকে স্থানীয় লোকজন ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে মুমূর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে আজ বেলা দুইটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরীফা আক্তার মারা যান।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক স্থানীয় সাংবাদিকদের বলেন, স্বামীর ছুরিকাঘাতে গুরুতর আহত শরীফা আক্তার আজ বেলা দুইটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় স্বামী আক্তার হোসেনকে গ্রেফতার করা হয়েছে এবং ধারালো ছুরিটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।





















