পৌর বিপনিতে সাংবাদিক আব্দুস সালামের অফিসে সন্ত্রাসী হামলা: ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি
- আপডেট সময়ঃ ১২:৪৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ৪ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে একুশে টেলিভিশন ও দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুস সালামের ওপর নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের ব্যস্ততম এলাকা পৌরবিপণিস্থ সাংবাদিকের নিজস্ব কার্যালয়ে এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে।
হামলাকারীরা অফিসের আসবাবপত্র ভাঙচুর ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি ৫ লাখ টাকা চাঁদা দাবি এবং এলাকা ছাড়ার হুমকি প্রদান করে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সাংবাদিক আব্দুস সালাম তার কার্যালয়ে কাজ করছিলেন। এসময় ছাতক উপজেলার শক্তিয়ারগাঁও গ্রামের বাসিন্দা ও আওয়ামী নেতা ইসলাম উদ্দিনের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী অতর্কিতে অফিসে ঢুকে পড়ে। তারা দেশীয় অস্ত্রের মুখে অফিসের সবাইকে জিম্মি করে ফেলে এবং ব্যাপক ভাঙচুর চালায়। এসময় সন্ত্রাসীরা সাংবাদিকের ব্যবহৃত মোবাইল ফোনটি জোরপূর্বক ছিনিয়ে নেয়।
সাংবাদিক আব্দুস সালাম জানান, সম্প্রতি ইসলাম উদ্দিনের বিভিন্ন অপকর্ম নিয়ে একটি সংবাদ প্রকাশিত হওয়ায় সে চরমভাবে ক্ষিপ্ত ছিল। হামলা চলাকালীন ইসলাম উদ্দিন দাবি করে যে, ওই সংবাদ প্রকাশের কারণে তার ২-৩ লাখ টাকার ব্যবসায়িক ক্ষতি হয়েছে। এই ক্ষতিপূরণ হিসেবে সে সাংবাদিকের কাছে নগদ ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে তাকে সপরিবারে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয় এবং টাকা দিতে অস্বীকার করলে প্রাণনাশের ঘোষণা দিয়ে সন্ত্রাসীরা বীরদর্পে অফিস ত্যাগ করে।
শহরের কেন্দ্রস্থলে দিনের আলোতে একজন সংবাদকর্মীর ওপর এমন পরিকল্পিত হামলায় স্থানীয় সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।
জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
খবর পেয়ে সুনামগঞ্জ সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
অভিযুক্ত ইসলাম উদ্দিন ও তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনতে বিশেষ অভিযান শুরু হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।




















