ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, আহত ১
- আপডেট সময়ঃ ০৯:৫১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / ৯৮ বার পড়া হয়েছে।
ফেনীর পরশুরামের বাসপদুয়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মিল্লাত হোসেন (২১) নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন মো. আফছার (৩১) নামের একজন।
নিহত মিল্লাত পৌরসভার বাসপদুয়া এলাকার ইউছুফ মিয়ার ছেলে। আহত আফছার একই এলাকার মৃত এয়ার আহম্মদের ছেলে।
বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গুথুমা বিওপির আওতাধীন ২১৬৪/৩এস পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে তারকাটার কাছে যান মিল্লাত ও আফছার। তখন তাদের লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি ছোড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নেন। চিকিৎসাধীন অবস্থায় মিল্লাতের মৃত্যু হয়।
মোশারফ হোসেন আরও বলেন, বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে লিখিত প্রতিবাদ জানানো হবে।
সুত্র:মানবজমিন











