বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক-কে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে আরো ৮ জন নেতাকর্মীর পদত্যাগ
- আপডেট সময়ঃ ০৯:১২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / ৫২ বার পড়া হয়েছে।
বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহম্মেদকে কোনো কারণ দর্শানো নোটিশ ছাড়াই অব্যাহতি দেওয়ার প্রতিবাদে দলটির ৮ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন।
সোমবার সন্ধ্যায় বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বোরহান উদ্দিন। তিনি বলেন, কিছুক্ষণ আগে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্যের স্বাক্ষরে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমেদকে কোনো কারণ দর্শানোর নোটিশ ও কোনো প্রমাণ ছাড়াই অব্যাহতি দেওয়া হয়েছে। এই ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত, ক্ষুব্ধ এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দলীয় আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডে রাজু আহমেদ দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে ভূমিকা পালন করে আসছেন। তাঁর সেই অবদান সম্পূর্ণ উপেক্ষা করে এ ধরনের সিদ্ধান্ত অযৌক্তিক, অন্যায় এবং দলীয় গণতন্ত্রের চরম লঙ্ঘন বলে আমরা মনে করি। আমাদের দৃঢ় বিশ্বাস, এই সিদ্ধান্ত তৃণমূল নেতাকর্মীদের মতামতকে অবমূল্যায়ন করেছে এবং সংগঠনের ভেতরে অপ্রয়োজনীয় বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করছে। এই হঠকারী ও অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আমরা বাধ্য হয়ে আজ স্বেচ্ছায় নিজ নিজ পদ থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি।
পদত্যাগকারীরা হলেন- বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুকেশ দেবনাথ, উসমান গণী, বুরহান উদ্দিন, ধনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, দক্ষিণ বাধাঘাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বকুল মিয়া, সলুকাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বুরহান উদ্দিন, ফতেহপুর ইউনিয়ন বিএনপির সদস্য মুজাম্মিল হক, উপজেলা যুবদলের সদস্য ও ফতেহপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন।
এই পদত্যাগের ফলে বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক কাঠামোতে একটি শূন্যতা সৃষ্টি হয়েছে, যা দলের ভবিষ্যৎ কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। নেতাকর্মীরা তাদের পদত্যাগের মাধ্যমে দলীয় নেতৃত্বের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন এবং আশা করছেন যে, এই পদক্ষেপের মাধ্যমে দলের উচ্চপর্যায়ের নেতারা বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবেন।
পদত্যাগকারীরা আরও উল্লেখ করেছেন যে, তারা দলের প্রতি তাদের আনুগত্য বজায় রাখবেন এবং ভবিষ্যতে দলীয় ঐক্য ও আদর্শের ভিত্তিতে কাজ করতে আগ্রহী। তবে, তারা স্পষ্ট করেছেন যে, এই ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার গুরুত্ব অপরিহার্য। দলীয় নেতৃত্বের প্রতি তাদের আহ্বান, যেন তারা এই বিষয়গুলো পুনর্বিবেচনা করেন এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মতামতকে যথাযথ গুরুত্ব দেন।





















