মিয়ানমারে ভূমিকম্প, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় কম্পন অনুভূত
- আপডেট সময়ঃ ০৬:২৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / ৫০ বার পড়া হয়েছে।
মিয়ানমারের ফালামে ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার(ইউএসজিএস) তথ্য অনুসারে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৯। সোমবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে এই ভূমিকম্প হয়।
এতে বাংলাদেশের ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় কম্পন অনুভূত হয়। ফালামে হওয়া ভূমিকম্পটির উৎপত্তি ১০৬ দশমিক ৮ কিলোমিটার গভীরে।
এদিকে কক্সবাজার প্রতিনিধি জানান, মিয়ানমারে সৃষ্ট ভূমিকম্পে হালকা কম্পন অনুভূত হয়েছে কক্সবাজারেও। তবে এতে এখনও কোনও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
সোমবার দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়ার মানুষ কয়েক সেকেন্ডের কম্পন টের পান।
স্থানীয়রা জানান, কম্পন খুব বেশি ছিল না এবং স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। অনেকেই ঘর থেকে বেরিয়ে আসেন। রাতের ঘটনায় এলাকায় কিছুটা আতঙ্কও তৈরি হয়।
তবে ভূমিকম্পের ফলে কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। ভূমিকম্প পরবর্তী সময়ে মানুষজনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, যদিও পুনরায় কম্পন হওয়ার সম্ভাবনা কম।
ভূমিকম্পের সময় কীভাবে নিরাপদে থাকতে হবে সে বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। বিশেষ করে বহুতল ভবনগুলোতে বসবাসরতদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।
তথ্য সহায়তাঃমানবজমিন





















