সুনামগঞ্জে আলোচিত ইয়াবা মিনার-এর বিরুদ্ধে হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানা জারি
- আপডেট সময়ঃ ০১:৪৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / ১১০ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জে একাধিক মামলার পলাতক আসামি মিনার উদ্দিন প্রকাশ ওরফে ইয়াবা মিনার (৩১) এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (২০ অক্টোবর) সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত এ পরোয়ানা জারি করেন।
আদালত সূত্রে জানা গেছে, মিনার উদ্দিন দায়রা মামলা নং ৫৮৮/২০২৫—একটি হত্যা মামলার অন্যতম আসামি। আদালতের হাজির না হওয়ায় বিচারক তাকে পলাতক আসামি হিসেবে ঘোষণা দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
পুলিশ সূত্রে জানা যায়, মিনার উদ্দিন প্রকাশ ইয়াবা মিনার সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার মানারগাঁও ইউনিয়নের মান্নারগাও গ্রামের মৃত আশরাফ আলির পুত্র।
তিনি শুধু হত্যা মামলার আসামিই নন, তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আইন, মাদক নিয়ন্ত্রণ আইন এবং চাঁদাবাজি সংক্রান্ত আরও তিনটি এজহারভুক্ত মামলা রয়েছে। প্রতিটি মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক বলে নিশ্চিত করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, মিনার উদ্দিন ওরফে ইয়াবা মিনার দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তার বিরুদ্ধে ইয়াবা বাণিজ্য, ভয়ভীতি দেখানো, এবং স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এলাকায় তার নাম উচ্চারণ করতেও অনেকে ভয় পান।
আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য জানান, মিনার উদ্দিনকে ধরতে সুনামগঞ্জ সদর ও দোয়ারাবাজার থানার যৌথ টিম অভিযান চালাচ্ছে।
এস আই মনিরুজ্জামান সজল বলেন- “আদালতের নির্দেশ অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের জন্য পুলিশ কাজ করছে। মিনার উদ্দিনের বিরুদ্ধে থাকা সব মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে এবং তাকে আইনের আওতায় আনা হবে।”
আইনজীবী মহল বলছেন, দীর্ঘদিন পলাতক থেকে বিচার এড়িয়ে যাওয়া আসামিদের গ্রেফতার নিশ্চিত না হলে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। তাই আদালতের এই নির্দেশ মামলার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





















