সুনামগঞ্জে উপবৃত্তির টাকা দেওয়ার নামে প্রতারণা: আইনজীবীর ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ১৯,৫০০ টাকা হাতিয়ে নিল চক্র
- আপডেট সময়ঃ ১০:৪৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / ৮৮ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জে স্কুল পড়ুয়া শিক্ষার্থীর উপবৃত্তির টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে একজন আইনজীবীর ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গত ১১ জানুয়ারি দুপুরে সুনামগঞ্জ শহরে এই প্রতারণার ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী আইনজীবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা গেছে, গতকাল ১১ জানুয়ারি দুপুর আনুমানিক ১:৩০ ঘটিকায় ভুক্তভোগী আইনজীবীর ব্যক্তিগত মোবাইল নম্বরে একটি অজ্ঞাত নম্বর (০১৮৫৫-৮২৯৫৮৯) থেকে ফোন আসে। প্রতারক চক্রটি ভুক্তভোগীকে জানায় যে, তার স্কুল পড়ুয়া ছেলের উপবৃত্তির টাকা পাঠানো হবে। এর আগে তারা কৌশলে ভুক্তভোগীর স্ত্রীর কাছ থেকে প্রাইম ব্যাংক, সুনামগঞ্জ শাখার একটি অ্যাকাউন্ট নম্বর সংগ্রহ করেছিল।
ফোনে জানানো হয়, উপবৃত্তির টাকা ছাড় করার জন্য একটি পিন নম্বর এসএমএস-এর মাধ্যমে পাঠানো হয়েছে। সরল বিশ্বাসে ভুক্তভোগী সেই পিন নম্বরটি তাদের বলে দেন। এরপর পিন নম্বরটি সঠিক হয়নি বলে অজুহাত দেখিয়ে বারবার ফোন করে এবং খুদেবার্তা পাঠিয়ে তাকে ব্যতিব্যস্ত করে তোলা হয়।
একপর্যায়ে প্রতারক চক্রটি ওই ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে এবং ০১৩৩৯০৪৫৫৩১ নম্বর ব্যবহার করে চার দফায় মোট ১৯,৫০০ (উনিশ হাজার পাঁচশত) টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে টাকা কেটে নেওয়ার মেসেজ আসার পর ভুক্তভোগী বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন।
অজ্ঞাতনামা প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বিষয়টি নথিবদ্ধ করার লক্ষ্যে ভুক্তভোগী সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) আবেদন করেছেন। জিডি নং-৫৫২, তারিখ- ১১/০১/২০২৬। সদর থানা পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।
বিশেষ সতর্কতা: কোনো অপরিচিত ব্যক্তিকে ফোনের মাধ্যমে ওটিপি (OTP), পিন নম্বর বা পাসওয়ার্ড প্রদান করবেন না। ব্যাংক বা সরকারি কোনো প্রতিষ্ঠান কখনোই ফোনের মাধ্যমে ব্যক্তিগত পিন নম্বর জানতে চায় না।





















