সুনামগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন
- আপডেট সময়ঃ ০৯:২৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / ১০২ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে রাতের আধাঁরে অন্যের দোকানের জমি দখল করে পাকা দেয়াল তুলে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে, দখলের প্রতিবাদ এবং অভিযুক্ত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।
অভিযুক্ত এনসিপি নেতা হলেন সংগঠনের জেলা কমিটির প্রথম যুগ্ম সমন্বয়কারী ও চকবাজার সংলগ্ন এরোয়াখাই গ্রামের বাসিন্দা আতাউর রহমান ওরফে স্বপন।
শুধু জমি দখল নয়, তার বিরুদ্ধে বাজারের নৌকাঘাট দখল ও নৌকা চালানোর বিনিময়ে দৈনিক ভিত্তিতে এক ব্যক্তির কাছ থেকর চাঁদা নেয়ার লিখিত অভিযোগ আছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আতাউর রহমান।
চকবাজার এলাকার বাসিন্দা বাজারের ব্যবসায়ী জুয়েল আহমদের অভিযোগ, বাজারে ‘জুয়েল ভেরাটিজ স্টোর’ নামে তার একটি দোকান ঘর রয়েছে। পাশেই তার চাচার আরেকটি দোকান। এই দুই দোকান ঘরের পেছনে তাদের কিছু খালি জায়গা আছে। ওই খালি জায়গার পেছনে বিরোধপূর্ণ কিছু জমি কিনেছেন বলে সম্প্রতি বাজারে প্রচার করেন আতাউর রহমান। জমিটি দখলে নেয়ার চেষ্টা করছিলেন তিনি। জুয়েল আহমদ তার অসুস্থ বাবা ও মাকে নিয়ে কয়েকদিন ধরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে ছিলেন। এই সুযোগে শনিবার রাতে আতাউর রহমান তার লোকজনকে দিয়ে তাদের দোকান ঘরের পিছনের জায়গাসহ ওই জমিতে পাকা দেয়াল তুলে দখল করে নেন। তারা যাতে দোকান ঘরের পিছনে না যেতে পারেন সেজন্য জুয়েল আহমদ ও তার চাচার ঘরের পিছন দিকে থাকা স্টিলের দরজা ও জানালা ওয়েলডিং মেশিন দিয়ে স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়।
জুয়েল আহমদ আরও জানান, তিনি খবর পেয়ে বাড়িতে এসে বিষয়টি বাজার কমিটির লোকজনে জানান। সোমবার রাতে কমিটি বসে আতাউর রহমানকে জানিয়ে দেন মঙ্গলবার সকালের মধ্যে এই দেয়াল তুলে নেয়ার জন্য। আতাউর রাজি হলেও পরে তিনি আর দেয়াল তুলে নেননি। এরপর মঙ্গলবার বিকেলে বাজরে ব্যবসায়ীরা মানববন্ধন করেন।
বাজার কমিটির সহ-সভাপতি খোকন আহমদ জানান, এই জমি জুয়েল আহমদের পরিবারের। বাজার কমিটি বসে আতাউর রহমানকে দেয়াল সরিয়ে নিতে বলেছেন। কিন্তু তিনি কথা দিয়েও কথা রাখেননি। আতাউর এভাবে জমি দখল করে অন্যায় করেছেন।
এরোয়াখাই গ্রামের বাসিন্দা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান জানান, এটা পরিষ্কার দখল। এনসিপির নাম ভাঙিয়ে তিনি (আতাউর) এলাকায় নানাভাবে মানুষকে হয়রানি, দখল ও চাঁদাবাজি করছেন। কিছুদিন আগে বাজারে নৌকাঘাটও তার লোকজনকে দিয়ে দখল করে নিয়েছেন।
দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা ফরিদ আহমদ নামের এক ব্যক্তি সম্প্রতি এনসিপির জেলার প্রধান সমন্বয়কারীর কাছে আতাউর রহমানের বিরুদ্ধে নৌকাঘাট দখল ও চাঁদাবাজির লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, চকবাজার থেকে ফরিদ আহমদের একটি নৌকা যাত্রী নিয়ে সুনামগঞ্জ জেলা শহরে যাতায়াত করে। গত প্রায় ২০ বছর ধরে তার নৌকা চলছে। আতাউর রহমান গত জুন মাসে নিজেকে এনসিপির নেতা পরিচয় দিয়ে ফরিদ আহমদকে নৌকা চালাতে হলে প্রতিদিন দুই হাজার টাকা দিতে হবে বলে জানান। পরে বাধ্য হয়ে তিনি গত ১০ জুন থেকে প্রতিদিন দুই হাজার টাকা দিয়ে নৌকা চালাচ্ছিলেন। কিন্তু এক পর্যায়ে তার কাছে এককালীন দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এই টাকা দিতে অস্বীকার করায় ১৩ আগস্ট থেকে তার নৌকা বন্ধ করে দিয়ে নিজের নৌকা চালু করে দেন আতাউর। ফরিদ আহমদ আরও জানান, আমি বাধ্য হয়েই টাকা দিয়েছি। টাকা দেয়ার প্রমাণ আমার কাছে আছে। আতাউর নিজেও আমাকে হুমকি দিয়েছেন।
তবে ‘আওয়ামী লীগের দোসরেরা’ তার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করছে বলে দাবি আতাউর রহমানের। তিনি জানান, বাজারে আমি কিছু জমি কিনেছি, কিন্তু দখল নাই। এখন কিছু লোক আমার নাম নিয়ে এসব দখলের চেষ্টা করছে। আমি এসবে নাই। যারা মানববন্ধন করেছে তারও আওয়ামী লীগের দোসর। নৌকার জন্য চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমি কারো কাছে চাঁদা চাইনি বা কারো কাছ থেকে টাকা নেইনি। এলাকার লোকজন মসজিদের নামে নিয়েছে। তারাই নৌকা চালাচ্ছে।
এনসিপির জেলার প্রধান সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী বলেন, আমরা তার (আতাউর) বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। সেটি কেন্দ্রে পাঠানো হয়েছে। স্থানীয়ভাবেও আমরা অভিযোগের বিষয়ে খোঁজ নিচ্ছি। কেন্দ্রের সঙ্গে পরামর্শ করেই এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
সুত্রঃচ্যানেল24





















