সুনামগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে হামলা: এজহারনামীয় আসামী রতন মিয়া ঢাকায় গ্রেফতার
- আপডেট সময়ঃ ০৯:৪৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / ১০৮ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার এজহারনামীয় আসামী রতন মিয়া ঢাকার শাহ আলী থানা এলাকা থেকে গ্রেফতার হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) রাতে স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত রতন মিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার মিয়ারচর গ্রামের বাসিন্দা। তিনি মামলার এজহারনামীয় ৫৭ নম্বর আসামী।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “স্থানীয় লোকজন রতন মিয়াকে আটক করে পুলিশে খবর দেন। পরে খোঁজ নিয়ে জানা যায়, সুনামগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনি এজহারনামীয় আসামী।” তিনি আরও জানান, সুনামগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আসামীকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং পুলিশের হামলার ঘটনা ঘটে। হামলায় গুলিবিদ্ধ হন জহুর নামের এক যুবক। পরে গুলিবিদ্ধ জহুরের ভাই হাফিজ আহমেদ দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় নামোল্লেখ করা হয় ৯৯ জনকে এবং অজ্ঞাত আসামী রাখা হয় আরও প্রায় ২০০ জনকে।
বর্তমানে আসামী রতন মিয়া শাহ আলী থানা পুলিশের হেফাজতে রয়েছেন। হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হলে তাকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হবে।





















