সুনামগঞ্জে প্রাইভেটকার – মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২ জন
- আপডেট সময়ঃ ০৩:৫৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / ৯২ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলা প্রশাসক কার্যালয়ের জারিকারক জুয়েল মিয়া ও শব্দর আলী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের চিঠি জগন্নাথপুর উপজেলায় নিয়ে যাওয়ার পথে জয়কলস এলাকায় তাদের বহনকারী মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই নিহত হন জুয়েল মিয়া। আহত অবস্থায় শব্দর আলীকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেটে প্রেরণ করেন এবং সিলেটে যাওয়ার পথেই তিনি মারা যান।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা গেছেন। আরেকজনকে আহত অবস্থায় সিলেট পাঠানোর সময় মারা যান।
জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান জানান, দুজনই জেলা প্রশাসনের জারিকারক। তারা চিঠি নিয়ে জগন্নাথপুর যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার চৌধুরী। তিনি জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত করা হচ্ছে।





















