সুনামগঞ্জে রাতে অবৈধভাবে মাটি কাটা: ২ জনকে ভ্রাম্যমাণ আদালতের সাজা
- আপডেট সময়ঃ ১২:১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / ৭৫ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকায় গভীর রাতে অবৈধভাবে সরকারি জায়গা থেকে মাটি কাটার অপরাধে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক এবং তাৎক্ষণিকভাবে সাজা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
আটককৃত মো: ইমন আলী, পিতা- আব্দুল ওয়াহাব, গ্রাম- কুটিরচর, থানা- কামারখন্দ, জেলা- সিরাজগঞ্জসহ আরো একজনকে ভিন্ন মেয়াদের সাজা প্রদান করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকায় রাতের আঁধারে সরকারি জায়গা থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে গভীর রাতে সেখানে ঝটিকা অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় মাটি কাটারত অবস্থায় হাতেনাতে দুইজনকে আটক করা হয়।
পরবর্তীতে আটককৃতদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
সহকারী কমিশনার (ভূমি) জানান, সরকারি সম্পদ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ জানান, সদর থানাধীন কোন জায়গায় অবৈধ কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না, জনস্বার্থে প্রশাসনের এই তৎপরতা নিয়মিত চলবে বলেও তিনি হুঁশিয়ারি প্রদান করেন।





















