সিলেটে জাল প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে ছাত্রী আটক
- আপডেট সময়ঃ ০৪:২১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- / ১০০ বার পড়া হয়েছে।
এইচএসসি পরীক্ষার প্রথম দিনে সিলেটে জাল প্রবেশপত্রসহ ধরা পড়েছেন মোছা. তাহমিনা আক্তার নামের এক শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে সিলেট সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জাল প্রবেশপত্র নিয়ে যাওয়া তাহমিনা মদন মোহন কলেজের শিক্ষার্থী বলে দাবি করেছেন।
কলেজ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পরীক্ষা শুরুর আগে প্রবেশপত্র যাচাইয়ের সময় কেন্দ্র কর্তৃপক্ষের চোখে পড়ে, দুটি প্রবেশপত্রে একই রোল নম্বর ও তথ্য রয়েছে। দুজনই নিজেদের মদন মোহন কলেজের শিক্ষার্থী বলে পরিচয় দেন।
যাচাই-বাছাই শেষে প্রকৃত পরীক্ষার্থী ফয়জিয়া আক্তারকে পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয় এবং ভুয়া প্রবেশপত্র নিয়ে যাওয়া তাহমিনাকে পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি।
এ সময় জিজ্ঞাসাবাদে তাহমিনা জানান, নির্ধারিত সময়ের মধ্যে ফি দিতে না পারায় তার ভাই এক দালালের মাধ্যমে টাকা জমা দেন এবং সেখান থেকেই প্রবেশপত্র সংগ্রহ করেন। পরে কেন্দ্রে গিয়ে বুঝতে পারেন, সেটি ছিল জাল। এ সময় কান্নায় ভেঙে পড়েন তাহমিনা।
তিনি বলেন, ‘আমি কিছুই জানতাম না, সবকিছু আমার ভাই করেছে। এখন তিনি হাসপাতালে ভর্তি।’
এ ব্যাপারে সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ এ জেড এম মাঈনুল হোসেন বলেন, ‘ছাত্রীটি যদি প্রতারণার শিকার হয়ে থাকেন তাহলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে মানবিক বিবেচনায় তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।’
সুত্র:খবরেরকাগজ











