সুনামগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত
- আপডেট সময়ঃ ০১:০০:২২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / ১২৪ বার পড়া হয়েছে।
‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।
এ উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা সমবায় কর্মকর্তা চন্দন দত্ত। জেলা সমবায় অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা মতিউর রহমান। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- সদর উপজেলা ইউসিসি লি. সভাপতি মোহাম্মদ আলী, সুনামগঞ্জ সমবায় কর্মকর্তা কর্মচারী সমিতির সহ-সভাপতি জিতেন্দ্র সূত্রধর, সুনামগঞ্জ হকার্স সমবায় সমিতি লি. সভাপতি মো. শাহীন আহমদ,
জানিগাঁও সমবায় সমিতি লি. সভাপতি ফারুক আহমদ, ইকবালনগর মৎস্যজীবী সমবায় সমিতি লি. সভাপতি আতাউর রহমান, চন্দ্রমল্লিকা বহুমুখী সমবায় সমিতি লি. সাধারণ সম্পাদক মিজানুল হক সরকার এবং ডিডিএস সভাপতি এম. তাজুল ইসলাম তারেক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমবায় কার্যালয়ের উপসহকারী নিবন্ধক মো. মাসুদ আহমদ।
সভায় বক্তারা বলেন, ‘সাম্য ও সমতা মানে সকলের সমান অধিকার নিশ্চিত করা। সমবায় আন্দোলনের মাধ্যমে প্রত্যেকে নিজের উন্নয়নে ভূমিকা রাখলে দেশ ও জাতির সামগ্রিক উন্নয়ন সম্ভব।’ তাঁরা আরও বলেন, ‘সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সমবায়ের কাজে অংশগ্রহণই পারে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে।’
আলোচনা সভার আগে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।





















