যুক্তরাজ্যের বার্মিংহাম মিশনে দ্বিতীয় সচিব পদে নিয়োগ পেলেন ওমর বিন হাদি
- আপডেট সময়ঃ ০৬:৩৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
- / ১১৫ বার পড়া হয়েছে।
যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন শরীফ ওমর বিন হাদি। তিনি জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং সম্প্রতি নিহত ওসমান হাদীর বড় ভাই।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের আদেশ দেওয়া হয়।
জানানো হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন। যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে এই নিয়োগ কার্যকর থাকবে। এছাড়া নিয়োগের অন্যান্য শর্তাবলি দ্বিপাক্ষিক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে জানানো হয়েছে।
শরীফ ওমর বিন হাদি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে গঠিত আলোচিত রাজনৈতিক-সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ‘ইনকিলাব মঞ্চ’-এর আহ্বায়ক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। জুলাই আন্দোলনে তার সক্রিয় ভূমিকা এবং পরবর্তী সময়ে জনমত গঠনে ইনকিলাব মঞ্চের কার্যক্রমের কারণে তিনি জাতীয় পর্যায়ে পরিচিতি লাভ করেন।
ওসমান হাদীর মৃত্যু উল্লেখ্য যে, শরীফ ওমর বিন হাদীর ছোট ভাই ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। দেশে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
মেধাবী তরুণ ওসমান হাদীর এমন মৃত্যু দেশজুড়ে শোকের ছায়া ফেলেছিল। পরিবারের এই শোকাবহ পরিস্থিতির মধ্যেই সরকারের পক্ষ থেকে ওমর বিন হাদিকে এই কূটনৈতিক দায়িত্ব প্রদানের খবর এলো।











