সুনামগঞ্জে খড়ের ঘরে আগুন, ক্ষতি প্রায় দেড় লক্ষাধিক টাকা
- আপডেট সময়ঃ ১১:৩৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
- / ৩ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের তাজনগর গ্রামে একটি খড়ের ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাত আনুমানিক ৯টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা আইয়ূবুর রহমান দধই মিয়া দীর্ঘদিন ধরে গ্রাম্য বিরোধ এড়িয়ে পরিবারের সদস্যদের নিয়ে সুনামগঞ্জ শহরে বসবাস করছেন। বুধবার রাতে বাড়িটি মানুষশূন্য পেয়ে দুর্বৃত্তরা তার খড়ের ভোলায় আগুন দিয়ে পালিয়ে যায়।
এ সময় তারাবিহ নামাজ শেষে আগুনের খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও খড়ের ঘর, খড় ও একটি ডীপ কল ভাঙচুরসহ প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
গ্রামের প্রবীণ বাসিন্দা আম্বর আলী বলেন, “এভাবে কারও বাড়িতে আগুন দেওয়ার ঘটনা খুবই দুঃখজনক। কে বা কারা আগুন দিয়েছে তা আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না।”
আইয়ূবুর রহমান দধই মিয়ার স্ত্রী সীমা আক্তার বলেন, “আমাদের বাড়ির আশপাশে শত্রুর অভাব নেই। কে আগুন দিয়েছে তা খোঁজখবর নেওয়া হচ্ছে। এই ঘটনায় আমাদের খড়ের ঘর, খড় ও ডীপ কল ভাঙচুরসহ প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।”
তিনি আরও জানান, গত ১৪ ফেব্রুয়ারি পাশের বাড়ির একজন তাদের বিরুদ্ধে ৭ ধারায় একটি মিথ্যা মামলা করেছেন। তাদের সন্দেহ, ওই পক্ষের লোকজনই এ ঘটনা ঘটাতে পারে।
ভুক্তভোগী আইয়ূবুর রহমান দধই মিয়া বলেন, খড়ের ভোলায় আগুন লাগার ঘটনায় তিনি থানায় অভিযোগ দিতে গেলে দায়িত্বরত কর্মকর্তা তাকে আদালতে মামলা করার পরামর্শ দেন। পরে তিনি সেখান থেকে ফিরে আসেন এবং এখন আদালতে মামলা করবেন বলে জানান।
এ বিষয়ে ৪ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল আমিন বলেন, “ঘটনার কথা শুনেছি। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিষয়টি খতিয়ে দেখা হবে।”

















