“নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকির হত্যা: দ্রুত বিচারের দাবিতে -সুনামগঞ্জে মানববন্ধন”
- আপডেট সময়ঃ ০৬:৪৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ১৮ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট;
সুনামগঞ্জ ।। ১৮ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শহরের প্রাণকেন্দ্র আলফাত উদ্দিন স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) এই মানববন্ধনের আয়োজন করা হয়।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ আর জুয়েলের সঞ্চালনায় কর্মসূচিতে সভাপতিত্ব করেন এবং বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি পঙ্কজ কান্তি দে। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মহসিন রেজা মানিক, হাওর ও নদী রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন এবং যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সোহানুর রহমানসহ স্থানীয় অন্যান্য সাংবাদিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান।
বক্তব্যে প্রেসক্লাব সভাপতি পঙ্কজ কান্তি দে ক্ষোভ প্রকাশ করে বলেন, “দেশে একের পর এক সাংবাদিক নির্যাতনের শিকার হচ্ছেন, এমনকি নির্মমভাবে খুন হতে হচ্ছে। এর আগেও একাধিক সাংবাদিক হত্যার ঘটনা ঘটলেও বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। যুগান্তকারী সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার আজও সম্পন্ন হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।”
তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন, “সরকারকে অবশ্যই মনে রাখতে হবে—গণমাধ্যমকর্মীরা যদি স্বাধীনভাবে পেশাগত কাজ করতে না পারেন এবং তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত না হয়, তবে দেশের গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা চরম ঝুঁকিতে পড়বে। অবিলম্বে আলিফ ফকির হত্যার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
মানববন্ধনে উপস্থিত বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে ঘাতকদের গ্রেপ্তার করা না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।


















