থানায় ঢুকে কাটার বাটাম দিয়ে ৩ পুলিশ সদস্যকে মারধর, যুবকের কাণ্ডে চাঞ্চল্য : অভিযুক্ত গ্রেফতার
- আপডেট সময়ঃ ১০:০১:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / ৩৩ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট;
সুনামগঞ্জ ।। ২১ অক্টোবর ২০২৬
জয়পুরহাটের কালাই থানা চত্বরে কাঠের বাটাম নিয়ে ঢুকে হামলা চালিয়েছে আসলাম হোসেন (২৮) নামে এক যুবক। এতে কালাই থানার তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলা প্রতিহত করতে গিয়ে এক পুলিশ কনস্টেবলের ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে ৪টি সেলাই দিতে হয়েছে।
আজ বুধবার (২১ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে জয়পুরহাট আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালাই থানা প্রাঙ্গণে চাঞ্চল্যকর এ হামলার ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত আসলাম হোসেন কালাই উপজেলার থুপসাড়া গ্রামের মুনসুর রহমানের ছেলে।
ঘটনা ও মামলার বিবরণ;
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় দুর্গাপূজার নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন কালাই থানার পুলিশ সদস্যরা। এ সময় আসলাম হোসেন হাতে কাঠের বাটাম নিয়ে অনধিকারচর্চা করে থানা প্রাঙ্গণে প্রবেশ করেন।
তার উপস্থিতির কারণ ও পরিচয় জানতে চাইলে আসলাম হঠাৎ আক্রমণাত্মক হয়ে ওঠেন। তিনি তাৎক্ষণিকভাবে কনস্টেবল মাহমুদুল হাসান রকিকে লক্ষ্য করে স্বজোরে আঘাত করেন। কনস্টেবল রকি সরে যাওয়ার চেষ্টা করলেও আঘাতটি তার বাম চোয়ালে লাগে এবং তিনি রক্তাক্ত জখম হন।
এরপর অন্য সদস্যরা তাকে নিরস্ত করার চেষ্টা করলে তিনি কনস্টেবল মাসুদ রানার পিঠে আঘাত করেন। এ সময় আরেক পুলিশ সদস্য তাকে আটক করতে গেলে তাদের মধ্যে হাতাহাতি হয় এবং উক্ত পুলিশ সদস্যের ডান হাতের বৃদ্ধাঙ্গুলি গুরুতর জখম হয়। পরবর্তী সময়ে অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে হামলাকারী আসলাম কাঠের বাটামটি ফেলে দৌড়ে স্থান ত্যাগ করেন।
চিকিৎসা ও আইনি পদক্ষেপ;
ঘটনার পরপরই আহত পুলিশ সদস্যদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। জখম গুরুতর হওয়ায় এক পুলিশ কনস্টেবলের আঙ্গুলে ৪টি সেলাই দেন দায়িত্বরত চিকিৎসক।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত আসলামকে গ্রেফতার করে পুলিশ।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, থানার ভেতরে প্রবেশ করে কর্তব্যরত পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বুধবার দুপুরে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে জয়পুরহাট আদালতে পাঠানো হয়েছে।




















