বিশ্বম্ভরপুরে আনসার-ভিডিপি দলনেতার তৎপরতায় ২২ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ১
- আপডেট সময়ঃ ০২:৩৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / ১২ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট;
সুনামগঞ্জ ।। ২২ অক্টোবর ২০২৬
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে দুর্গাপূজার দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) এক দলনেতার সাহসিকতা ও সতর্কতায় ২২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় কানু ঘোষ (২৫) নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ধনপুর বাজারের তিন রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে। আটক কানু ঘোষ সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্বম্ভরপুর উপজেলার সুলকাবাদ ইউনিয়ন ভিডিপি দলনেতা মো. সোলাইমান হাকিম ফতেপুর সার্বজনীন পূজামণ্ডপে দায়িত্ব পালন এবং প্রতিমা বিসর্জনের কার্যক্রম শেষ করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ধনপুর বাজারের তিন রাস্তার মোড়ে অটোরিকশা থেকে নামার সময় ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলের সহযাত্রীর বহন করা ব্যাগ থেকে অস্বাভাবিক গন্ধ পান তিনি।
সংশয় তৈরি হলে সোলাইমান হাকিম তাৎক্ষণিকভাবে ব্যাগটি তল্লাশি করেন এবং এর ভেতর থেকে ২২ বোতল ভারতীয় মদ দেখতে পান। উদ্ধারকৃত মদগুলোর মধ্যে একটি বোতল ভাঙা অবস্থায় ছিল। পরবর্তীতে তিনি স্থানীয় লোকজনের সহায়তায় ব্যাগ বহনকারী যুবক কানু ঘোষকে আটক করেন এবং উদ্ধারকৃত মদসহ তাকে বিশ্বম্ভরপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।
নির্ধারিত কর্মঘণ্টা শেষেও জননিরাপত্তা রক্ষায় একজন ভিডিপি দলনেতার এমন সততা, দায়িত্বশীলতা ও দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, সোলাইমান হাকিমের এই ভূমিকা এলাকায় সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে একটি অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।




















