ছাতকে ছাত্রলীগের ঝটিকা মিছিল ঘিরে চাঞ্চল্য, আটক দুই কর্মী পুলিশের হেফাজতে
- আপডেট সময়ঃ ০১:৫৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / ১০ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট;
সুনামগঞ্জ ।। ২৫ অক্টোবর ২০২৬
সুনামগঞ্জের ছাতকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলে অংশ নিতে এসে স্থানীয় ছাত্রদল নেতাকর্মী ও জনতার হাতে আটক হয়েছেন ছাত্রলীগের দুই কর্মী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
রোববার (২৫ অক্টোবর) গভীর রাতে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মানিকগঞ্জ বাজার ও জাতুয়া বোকারভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মূল দলের শতাধিক নেতাকর্মী ছাতকের বিভিন্ন পয়েন্টে অতর্কিত ঝটিকা মিছিল বের করার পাঁয়তারা চালায়। এলাকায় আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে এই শোডাউনের পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ পাওয়া যায়।
তবে আগে থেকেই সতর্ক অবস্থানে ছিলেন স্থানীয় সচেতন জনতা ও ছাত্রদল নেতাকর্মীরা। মিছিলটি উপজেলার জাতুয়া বোকারভাঙ্গা এলাকা অতিক্রম করার সময় দুই যুবকের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাদের ঘেরাও করেন স্থানীয়রা। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— সিলেটের বিয়ানীবাজার উপজেলার আবুল খায়েরের ছেলে রুমেল আহম্মেদ রুবেল (২৮) এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার সবমঙ্গল গ্রামের আব্বাস আলীর ছেলে সুমন আহম্মেদ (২৬)।
খবর পেয়ে ছাতক থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনরোষ থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হবে।




















