সিলেটে ৩৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ অর্থ চুরি: প্রধান অভিযুক্ত- আল আমিন গ্রেপ্তার সুনামগঞ্জে
- আপডেট সময়ঃ ০৬:০৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / ২৩ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট;
সুনামগঞ্জ ।। ২৫ অক্টোবর ২০২৬
সিলেটের শাহপরাণ (রহ.) থানা এলাকায় বসতঘরের টিনের চাল কেটে ৩৫ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, রৌপ্য ও নগদ টাকা চুরির ঘটনার মূল হোতা আল আমিনকে (৩৩) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) এসআরবি-৯-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যেভাবে পরিচালিত হয় অভিযান;
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৩ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ডাবর পয়েন্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আল আমিন সিলেটের শাহপরাণ (রহ.) থানার বালুটিকর খাদিমপাড়া এলাকার বাসিন্দা মো. আব্দুল আলিম ওরফে হিলিম মিয়ার ছেলে।
ঘটনার বিবরণ;
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের শাহপরাণ (রহ.) থানার দাসপাড়া এলাকার বাসিন্দা উম্মাহ পরভীন (কলি) গত ১৩ আগস্ট বিদেশে যাওয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। এর পরের দিন অর্থাৎ ১৪ আগস্ট রাত ৯টা থেকে ১১টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা তাঁর বসতঘরের টিনের চাল খুলে ভেতরে প্রবেশ করে।
পরে ঘরের আলমারি ও শোকেসের ড্রয়ার ভেঙে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, রৌপ্য অলংকার এবং নগদ অর্থ লুট করে নিয়ে যায়। চুরি হওয়া এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা।
সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত;
এ ঘটনার পর ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের করে। মামলার পর বসতঘরে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিবিড়ভাবে পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর ধারাবাহিকতায় এসআরবি-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আল আমিনকে আটক করতে সক্ষম হয়।
এসআরবি-৯ আরও জানায়, গ্রেপ্তারকৃত আল আমিনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট শাহপরাণ (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্য সহযোগীদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে।




















