জাদুকাটা নদীতে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন — পাড় কাটা রোধে টাস্কফোর্স অভিযান চলমান
- আপডেট সময়ঃ ০৭:০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / ৭১ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জের জাদুকাটা নদীতে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলনের পাশাপাশি নদীর পাড় রক্ষায় জেলা প্রশাসনের টাস্কফোর্স অভিযান অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে সরেজমিনে জাদুকাটা বালু মহাল-১ এলাকায় গিয়ে দেখা যায়, শ্রমিকরা হাতে বেলচা – বালতী ও ঝুড়ি ব্যবহার করে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলনে ব্যস্ত।
এ সময় জাদুকাটা নদীর চরে জেলা প্রশাসনের নেতৃত্বে টাস্কফোর্স টিমের তৎপরতা লক্ষ্য করা যায়। নদীর চরের দিকে কেউ যেন বালু কাটতে না পারে— সে লক্ষ্যে পুলিশ ও বিজিবি সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন।
স্থানীয় শ্রমিকরা জানান, তারা নদীর পাড় থেকে অন্তত ৩০০ ফুট দূরে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন করছেন। ইজারাদার কর্তৃক নিয়োগপ্রাপ্ত ১০০ জনের বেশি স্বেচ্ছাসেবক (ভলান্টিয়ার) নদীর পাড় রক্ষায় মাঠে কাজ করছেন। কোনো শ্রমিক বা নৌকা পাড়ের দিকে অগ্রসর হলে তারা সঙ্গে সঙ্গে প্রতিরোধ করছেন।
ইজারাদার নাসির মিয়া জানান, “আমাদের নিয়োগপ্রাপ্ত ভলান্টিয়াররা নিয়মিতভাবে পাড় কাটা রোধে কাজ করছে। পাশাপাশি জেলা প্রশাসনের টাস্কফোর্স অভিযানও চলমান আছে। এতে নদীর পাড় রক্ষায় ইতিবাচক পরিবর্তন এসেছে।”

টাস্কফোর্স অভিযানের নেতৃত্বে থাকা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী বলেন,“সকাল থেকে আমরা নদীতে টাস্কফোর্স অভিযান চালিয়ে যাচ্ছি। কেউ যেন নদীর পাড় এবং চর কাটতে না পারে, সে বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি। পুলিশ ও বিজিবি টিম নদীর মধ্যে টহলে রয়েছে, আমি নিজেও টহল টিমের সঙ্গে মাঠে আছি।”
তিনি আরও বলেন, “নদীর পাড় এবং চর কাটা রোধে আমাদের অভিযান নিয়মিতভাবে চলবে। পরিবেশ ও নদী রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।”





















