ধর্মপাশায় তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল-সহ আটক ২ জন; পুলিশের কাছে হস্তান্তর
- আপডেট সময়ঃ ০৮:০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / ৩ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মেউহারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের আশপাশ থেকে তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল-সহ দুইজনকে আটক করেছে সেনাবাহিনী।
আটক অপর ব্যক্তি তাহিরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না বলে নিশ্চিত হওয়া গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে তাদের আটক করার পর ধর্মপাশা থানায় সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও প্রশাসনের বক্তব্য ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সেনাবাহিনী তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তবে ঘটনার বিস্তারিত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে তিনি কিছু জানাতে পারেননি।
তিনি বলেন, “আমি এই মুহূর্তে থানার বাইরে আছি, তাই বিস্তারিত পরে জানানো যাবে।”
ঘটনার বিষয়ে জানতে চাইলে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, “টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত কোনো একটি ঘটনার প্রেক্ষিতে তাদের আটক করা হয়েছে বলে শুনেছি। তবে বিষয়টি এখনো যাচাই করা হচ্ছে। পুরো বিষয়টি এখনো নিশ্চিত নয়।”
দলীয় প্রতিক্রিয়া
সহকর্মীদের আটকের খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী। তিনি জানান, আটককৃতদের মধ্যে মেহেদী হাসান উজ্জ্বল ও আসাদুজ্জামান মুন্না রয়েছেন। কী কারণে তাদের আটক করা হলো, তা জানার চেষ্টা করছেন তিনি।
নির্বাচনী কেন্দ্র সংলগ্ন এলাকায় দুই শীর্ষ নেতা আটকের ঘটনায় স্থানীয় মহলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। টাকা লেনদেনের যে অভিযোগটি উঠেছে, তা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।
তবে ঠিক কত টাকা বা কী উদ্দেশ্যে লেনদেন হচ্ছিল, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।









