শান্তিগঞ্জ উপজেলায় গ্রাম আদালতে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান খোকন
- আপডেট সময়ঃ ১০:২০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / ৩৩ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন গ্রাম আদালতে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন গ্রাম আদালতে শ্রেষ্ঠ হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন পশ্চিম বীরগাঁও ইউপি সচিব মাসুক মিয়া, উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর সোহেল আহমেদ, উদ্যোক্তা টিটু চন্দ্র দাসসহ প্রমূখ।
জানা যায়, গ্রাম আদালতে মামলা দায়ের ও নিস্পত্তির লক্ষ্যমাত্রা-২০২৫ অর্জনে অসামান্য অবদানের জন্য উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব লুৎফর রহমান জায়গীরদার খোকনকে উপজেলা প্রশাসনের পক্ষে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন জানান, আমি জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর আমার কাজকে ইবাদত হিসাবে গ্রহণ করেছে। প্রতিনিয়তই চেষ্টা করে ইউনিয়নের মানুষের সেবা করার। আমি প্রতি মাসে অন্যান্য কাজের চাপের মধ্যেও গ্রাম আদালতে আসা ৪-৫ টি মামলা নিষ্পত্তি করে থাকি। আমার কাছে প্রতি মাসেই ৭-৮ টি মামলা আসে। সব মামলা আন্তরিকতার সাথে উভয়পক্ষের লোকজনকে সন্তুষ্ট করে নিষ্পত্তি করার চেষ্টা করি। ২-১ টি মামলা বিভিন্ন আইনি জটিলতার কারণে নিষ্পত্তি করা যায় না।
তিনি আরও বলেন, এই সম্মাননা আমার কাজের প্রতি আরও উৎসাহ জোগাবে এবং আমি প্রতিজ্ঞাবদ্ধ যে, ভবিষ্যতেও একইভাবে জনগণের সেবা করে যাব। ইউনিয়নের প্রতিটি মানুষ যাতে ন্যায়বিচার পায়, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমার লক্ষ্য হলো, গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত ও সঠিক বিচার প্রক্রিয়া নিশ্চিত করা। ইউনিয়নের মানুষের আস্থা অর্জন করতে পেরে আমি সত্যিই গর্বিত।
এছাড়াও, ইউনিয়নের অন্যান্য উন্নয়নমূলক কাজেও তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন। শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো উন্নয়নে তার অবদান উল্লেখযোগ্য। তিনি বিশ্বাস করেন, সবার সহযোগিতায় ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা সম্ভব। ইউনিয়নের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতে আরও উন্নত সেবা প্রদানের আশ্বাস দেন।











