সিলেট শহরের ‘অবসর প্রাপ্ত মাফিয়া’ গ্রুপের ৯ সদস্য আটক
- আপডেট সময়ঃ ১০:০৯:০২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / ১১৭ বার পড়া হয়েছে।
সিলেট মহানগরীতে কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ‘অবসর প্রাপ্ত মাফিয়া’ নামের একটি কিশোর গ্যাংয়ের ৯ জন সদস্যকে আটক করা হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, রবিবার (২১ ডিসেম্বর) রাত আনুমানিক সোয়া ১২টার দিকে সোবহানীঘাট ফাঁড়ি পুলিশের একদল সদস্য কোতোয়ালী থানাধীন মহানগরীর চারাদিঘীরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধভাবে মারামারি, ভয়ভীতি প্রদর্শন ও জনশৃঙ্খলা বিঘ্ন সৃষ্টির সাথে জড়িত ‘অবসর প্রাপ্ত মাফিয়া’ গ্রুপের কিশোর গ্যাংয়ের ১জন সদস্যকে ২টি চাকুসহ আটক করা হয়।
পরবর্তীতে আটককৃত সদস্যের দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানাধীন বিভিন্ন আবাসিক এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে একই গ্যাংয়ের আরও ৮ জন সদস্যকে আটক করে পুলিশ। সর্বমোট এই অভিযানে মোট ৯ জনকে আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা নং–৩৭, তারিখ–২১/১২/২০২৫ খ্রি., ধারা–আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধনী ২০১৯) এর ৪/৫ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
আইনের সহিত সংঘাতে জড়িত শিশু হিসেবে গ্রেফতার দেখিয়ে আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
সিলেট মহানগরীতে কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে পুলিশের এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংয়ের কার্যক্রমের ফলে এলাকায় অপরাধের মাত্রা বেড়ে যাচ্ছিল এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছিল। তাই এই অভিযান পরিচালনা করা হয়েছে যাতে শহরের শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে।
এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম আরও উল্লেখ করেন যে, কিশোর গ্যাংয়ের সদস্যদের পুনর্বাসনের জন্য বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করা হবে। এর মাধ্যমে তাদের সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। তিনি বলেন, ‘আমরা চাই না যে এই কিশোররা অপরাধের পথে এগিয়ে যাক। তাদের জন্য শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে যাতে তারা সমাজের মূলধারায় ফিরে আসতে পারে।’
এই অভিযানের ফলে সিলেট মহানগরীর বাসিন্দারা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আশা করছেন যে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। পুলিশও তাদের দায়িত্ব পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
তথ্যসহায়তাঃসিলেটভিউ24





















