সুনামগঞ্জে মোঃ মিজানুর রহমান চৌধুরী
স্থানীয় সরকারে বড় পরিবর্তন: দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- আপডেট সময়ঃ ০৭:২৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / ২৯ বার পড়া হয়েছে।
দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে একযোগে ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
আজ ১৫ই মার্চ প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে আসা এই সিদ্ধান্তের ফলে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রমে নতুন প্রাণের সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তৃণমূল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ডকে আরও ত্বরান্বিত করা এবং জনসেবা নিশ্চিত করতেই এই রদবদল আনা হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের মূল লক্ষ্য হবে জেলা পরিষদগুলোর স্থবিরতা কাটিয়ে প্রশাসনিক চেইন অফ কমান্ডকে কার্যকর করা এবং সরকারের উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করা।
আজকের এই নিয়োগ তালিকায় রংপুর বিভাগের পঞ্চগড়ে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুরে মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রামে মোঃ সোহেল হোসনাইন কায়কোবাদ এবং গাইবান্ধায় অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিককে দায়িত্ব দেওয়া হয়েছে। জয়পুরহাট জেলা পরিষদের দায়িত্ব পেয়েছেন মোঃ মাসুদ রানা প্রধান এবং বগুড়ায় এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির।
রাজশাহী বিভাগে চাঁপাইনবাবগঞ্জের প্রশাসক হিসেবে মোঃ হারুনুর রশিদ, নওগাঁয় মোঃ আবু বক্কর সিদ্দিক, রাজশাহীতে মোঃ এরশাদ আলী এবং নাটোরে মোঃ রহিম নেওয়াজকে নিয়োগ দেওয়া হয়েছে। খুলনা ও বরিশাল বিভাগে মেহেরপুরের দায়িত্ব পেয়েছেন মোঃ জাভেদ মাসুদ, কুষ্টিয়ায় সোহরাব উদ্দিন, ঝিনাইদহে মোঃ আবুল মজিদ, যশোরে দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরায় আলী আহমেদ, বাগেরহাটে শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং খুলনায় এস এম মনিরুল হাসান (বাপ্পী)। দক্ষিণাঞ্চলের পটুয়াখালীতে স্নেহাংশু সরকার, ভোলায় গোলাম নবী আলমগীর, বরিশালে আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠিতে মোঃ শাহাদাৎ হোসেন এবং পিরোজপুরে দায়িত্ব পেয়েছেন আলমগীর হোসেন।
ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের জেলাগুলোর মধ্যে টাঙ্গাইলে এস এম ওবায়দুল হক, শেরপুরে এ.বি.এম. মামুনুর রশিদ, ময়মনসিংহে সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনায় মোঃ নূরুজ্জামান (এড.), কিশোরগঞ্জে খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সীগঞ্জে এ.কে.এম. ইরাদত, নারায়ণগঞ্জে মোঃ মামুন মাহমুদ, রাজবাড়ীতে আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জে শরিফ রফিক উজ্জামান, মাদারীপুরে খোন্দকার মাশুকুর রহমান এবং শরীয়তপুরে সরদার এ.কে.এম. নাসির উদ্দিনকে প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
সিলেট ও চট্টগ্রাম বিভাগের মধ্যে সুনামগঞ্জে মোঃ মিজানুর রহমান চৌধুরী, সিলেটে আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজারে মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ায় সিরাজুল ইসলাম, কুমিল্লায় মোঃ মোশতাক মিয়া, নোয়াখালীতে মোঃ হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন এবং কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরী নতুন প্রশাসকের দায়িত্ব পেয়েছেন।
সংশ্লিষ্ট মহল মনে করছে, এই নতুন নিয়োগের ফলে জেলা পরিষদগুলোর কাজের জবাবদিহিতা বাড়বে এবং সরকারের স্থানীয় উন্নয়ন পরিকল্পনাগুলো সরাসরি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া অনেক সহজ হবে।





















