গ্যালারিতে জুবায়দা ও জাইমা রহমান:
সংসদের নতুন অভিযাত্রায় প্রধানমন্ত্রীর পরিবারের সরব উপস্থিতি
- আপডেট সময়ঃ ০৯:২৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / ১ বার পড়া হয়েছে।
দীর্ঘ দেড় বছরের রাজনৈতিক পটপরিবর্তন ও সংস্কার প্রক্রিয়ার পর এক নতুন আবহে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের ঐতিহাসিক প্রথম অধিবেশন। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সংসদ ভবনে এই অধিবেশন শুরু হয়।
তবে এবারের সংসদ অধিবেশনের সবচেয়ে আলোচিত বিষয় ছিল দর্শক সারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্যদের উপস্থিতি। সংসদ নেতার সহধর্মিণী ডা. জুবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান গ্যালারিতে উপস্থিত থেকে পুরো অধিবেশন প্রত্যক্ষ করেন, যা উপস্থিত সবার নজর কেড়েছে।
অধিবেশনের শুরুতেই জ্যেষ্ঠ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। সংসদ সদস্যদের কণ্ঠভোটে দেশের নতুন স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মেজর হাফিজ (অব.) বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। নতুন স্পিকারের নাম ঘোষণার পর সংসদ কক্ষে করতালির মাধ্যমে আনন্দ প্রকাশ করেন সদস্যরা।
দর্শক সারিতে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের পাশাপাশি আরও একঝাঁক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গ্যালারিতে উপস্থিত থেকে এই নতুন সংসদীয় যাত্রার সাক্ষী হন। এছাড়া সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানগণ এবং বিদেশি কূটনীতিকরা অধিবেশনে উপস্থিত ছিলেন।
অধিবেশনের এক পর্যায়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং আগামীর পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন। এসময় সরকারি ও বিরোধী দলের প্রায় সকল সংসদ সদস্য উপস্থিত ছিলেন। সকাল থেকেই সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের আগমনে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট এক রক্তক্ষয়ী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর তিন দিন পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়। দীর্ঘ সংস্কার শেষে গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন ১৩ ফেব্রুয়ারি নির্বাচনের গেজেট প্রকাশ করে এবং ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপিরা শপথ গ্রহণ করেন।
সংবিধানের নিয়ম অনুযায়ী, নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক ডাকার বাধ্যবাধকতা আছে। নির্বাচনের ফলাফল ঘোষণার এক মাসের মাথায় আজ বসল প্রথম অধিবেশন।
তথ্যসহায়তাঃআমারদেশ




















