জগন্নাথপুরে ব্যবসায়ী নাজিম হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার
- আপডেট সময়ঃ ০৮:৪৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / ১৪ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট;
সুনামগঞ্জ ।। ২৪ অক্টোবর ২০২৬
সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়ের দাওয়াত সংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ী নাজিম উদ্দিনকে (৪৮) কুপিয়ে ও পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মামলার প্রধান আসামি মাছুম মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজারের কুলাউড়া থানা এলাকায় এক যৌথ অভিযান চালিয়ে শনিবার (২৪ অক্টোবর) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাছুম মিয়া জগন্নাথপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের লুদরপুর গ্রামের মৃত মাসুক মিয়ার ছেলে। শনিবার দুপুরেই তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর লুদরপুর লম্বা আটি গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে স্থানীয় ব্যবসায়ী নাজিম উদ্দিনের বোন মরিয়ম বেগমের বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের আনুষ্ঠানিকতার আগে নাজিম উদ্দিন নিজে সরাসরি না গিয়ে বোনদের মাধ্যমে প্রতিবেশী চাচাতো ভাইদের কাছে বিয়ের দাওয়াত পাঠান। গৃহকর্তা নিজে উপস্থিত হয়ে দাওয়াত না দোয় ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা বিয়েতে অংশ নেওয়া থেকে বিরত থাকেন।
এরই জেরে পরদিন সকালে অভিযুক্তরা প্রতিশোধপরায়ণ হয়ে নাজিম উদ্দিনের পরিবারের সদস্যদের নিজ বসতঘরে তালাবদ্ধ করে রাখে।
পরিবারের সদস্যদের বন্দি করার সময় নাজিম উদ্দিন তার স্থানীয় মুদি দোকানে অবস্থান করছিলেন। একপর্যায়ে মাছুম, মামুন ও মঞ্জুসহ ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দোকানে প্রবেশ করে নাজিমের ওপর অতর্কিত হামলা চালায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হামলাকারীরা প্রথমে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং পরবর্তীকালে তাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের এ ঘটনায় নিহতের স্ত্রী সুমি বেগম বাদী হয়ে গত ২০ অক্টোবর জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা (মামলা নম্বর: ১০, জিআর নম্বর: ১৭৯) দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই জঘন্য এ ঘটনায় অভিযুক্ত আসামিরা আত্মগোপনে চলে যায়।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানা পুলিশ কুলাউড়া এলাকায় অভিযান চালিয়ে প্রধান এজাহারভুক্ত আসামি মাছুম মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নুর হোসেন জানান, “গ্রেপ্তারকৃত প্রধান আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।”




















