ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ ৩ জনের মৃত্যু
- আপডেট সময়ঃ ১০:৩০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- / ৮৬ বার পড়া হয়েছে।
গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে আড়িখোলা রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে টেকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- কালীগঞ্জ পৌরসভার ১ নাম্বার ওয়ার্ডের দেওয়ালেরটেক গ্রামের মোবারক হোসেনের স্ত্রী সাদিয়া বেগম (২৪), নরসিংদীর শিবপুর উপজেলার মরজাল এলাকার বাসিন্দা কমলা বেগম (৫৫) ও তার নাতনি কালীগঞ্জ পৌরসভার ১ নাম্বার ওয়ার্ডের দেওয়ালেরটেক গ্রামের বাবু মিয়ার মেয়ে অনাদি আক্তার (১৩)।
রেলওয়ে এবং থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি বিকাল ৫টার দিকে আড়িখোলা রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় নানি-নাতনি ও তাদের প্রতিবেশী সাদিয়া বেগম একসঙ্গে হাঁটতে বের হলে অসাবধানতাবশত তারা ট্রেনের নিচে কাটা পড়েন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অনাদিকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আহতদের উদ্ধার করার চেষ্টা করেন। দুর্ঘটনা সম্পর্কে জানতে পেরে রেলওয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই মর্মান্তিক ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের সদস্যরা শোকাহত অবস্থায় আছেন এবং স্থানীয় প্রশাসন তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে।
এ ধরনের দুর্ঘটনা এড়াতে রেলপথে চলাচলে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। স্থানীয় প্রশাসন এবং রেলওয়ে কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত শুরু করেছে যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।
তথ্যসহায়তাঃযুগান্তর











