ঢাকা–সিলেট মহাসড়কে (হবিগঞ্জ ) দুর্ঘটনা, গ্রিনলাইন বাস-ট্রাকের সংঘর্ষে আহত ৯
- আপডেট সময়ঃ ০৪:২১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ২২ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট;
সুনামগঞ্জ ।। ১৮ অক্টোবর ২০২৬
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রিন লাইন পরিবহনের একটি বাস ও বালুবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন নারীসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং প্রায় ১ ঘণ্টা যান চলাচল পুরোপুরি বন্ধ থাকে।
রোববার (১৮ অক্টোবর) সকালের দিকে নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর বাজারের জালালপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে সিলেটগামী গ্রিন লাইন পরিবহনের একটি দূরপাল্লার বাস (ঢাকা মেট্রো-ব-১৪-১১০৮) এবং ঢাকাগামী একটি বালুবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১২-২৬৪২) জালালপুর এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়।
সংঘর্ষে উভয় যানবাহনের চালকসহ বাসের ৯ জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে ছয়জন পুরুষ এবং তিনজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।
ঘটনার পরপরই স্থানীয় উৎসুক জনতা উদ্ধার কাজে এগিয়ে আসে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। উদ্ধারকাজের পাশাপাশি আহত যাত্রীদের সাথে থাকা বিভিন্ন মালামাল ও ব্যাগ নিরাপদে উদ্ধার করে তাদের স্বজন ও রোগীদের কাছে হস্তান্তর করে পুলিশ।
দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, “খবর পাওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করেছে। দুর্ঘটনার পর বাসের ভেতরে থাকা যাত্রীদের মালামাল হেফাজতে নিয়ে পর্যায়ক্রমে তাদের হস্তান্তর করা হয়েছে।”
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত গ্রিন লাইন বাসের ও ট্রাকটিকে আটক করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


















