তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সাক্ষাৎ
- আপডেট সময়ঃ ০৪:৫১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / ৯৫ বার পড়া হয়েছে।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৩টা ৫৬ মিনিটে মার্কিন রাষ্ট্রদূত গুলশান কার্যালয়ে পৌঁছালে দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়।
বৈঠকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ ছাড়া বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির এবং উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. মাহাদী আমিন উপস্থিত ছিলেন।
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাস ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। নবনিযুক্ত রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনের এটি বিএনপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের চলমান প্রেক্ষাপটে এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে বৈঠকের সুনির্দিষ্ট আলোচ্যসূচি নিয়ে বিএনপি বা মার্কিন দূতাবাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।













