নিজের বাসভবনে দিল্লির মুখ্যমন্ত্রীকে চপেটাঘাত
- আপডেট সময়ঃ ০৭:১৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / ৯৬ বার পড়া হয়েছে।
আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা! নিজের বাসভবনেই আক্রান্ত হয়েছেন তিনি। সূত্রের খবর, আজ বুধবার সকালে নিজের বাসভবনে সাধারণ মানুষের অভিযোগ শুনছিলেন তিনি। অর্থাৎ ‘জন শুনানি’ চলছিল। ঠিক সে সময় আচমকাই ৩৫ বছরের এক যুবক রেখা গুপ্তার ওপর হামলা চালান। শুধু তাই নয়, জনসমক্ষে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে কষিয়ে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে।
ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। যদিও নিরাপত্তায় থাকা কর্মীরাই হাতেনাতে তাকে ধরে ফেলেন। কিন্তু কেন এই হামলা, তা এখনও স্পষ্ট নয়। এমনকী ওই অভিযুক্ত ব্যক্তির কোনও রাজনৈতিক যোগ আছে কি না তাও জানা যাচ্ছে না।
ইতিমধ্যে অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে দিল্লির সিভিল লাইনস পুলিশ স্টেশনে। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। তবে এই ঘটনায় প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা।
জানা যায়, সিভিল লাইনস এলাকায় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের সরকারি আবাস। সেখানেই সাপ্তাহিক ‘জন শুনানি’ চলছিল। জানা যায়, ওই ব্যক্তি প্রথমে মুখ্যমন্ত্রীকে কিছু নথি দেয়ার আবেদন জানান। আর তা দেয়ার পরেই অতর্কিতে মুখ্যমন্ত্রীর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ।
মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বাড়ির আশপাশে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।
এদিকে ঘটনার পরেই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে ঘটনার পরেই মুখ্যমন্ত্রীর বাসভবনে একটি চিকিৎসকদের দল ছুটে যায়। তবে রেখা গুপ্তের চোট খুব একটা গুরুতর নয় বলে জানা গেছে।
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন দিল্লি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। বিজেপির তরফে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে কংগ্রেসের তরফেও এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। রাজধানীতে নারীদের সুরক্ষা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
সুত্রঃমানবজমিন











