‘প্রধানমন্ত্রীর ‘ সঙ্গে করমর্দনের পর প্রটোকল ভঙ্গ, স্ট্যান্ড রিলিজ – রাজশাহী বিভাগীয় কমিশনার
- আপডেট সময়ঃ ০১:০২:১০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / ২৫ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট;
সুনামগঞ্জ ।। ২১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সফরকালে ভিআইপি প্রটোকল ভঙ্গের অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলীকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই প্রশাসনিক আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে। বদলির আদেশ জারির পরপরই মঙ্গলবার রাতে রাজশাহীর কর্মস্থল ত্যাগ করেছেন মো. ইউসুফ আলী।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন;
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহীতে কর্মরত অতিরিক্ত সচিব মো. ইউসুফ আলীকে তার বর্তমান পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) পদে পদায়ন করা হলো। একই সাথে নতুন আদেশ না হওয়া পর্যন্ত রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনারের দায়িত্ব অর্পণ করা হয়েছে।
ঘটনার পটভূমি;
প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে ঢাকার বাইরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী। সফরের অংশ হিসেবে মঙ্গলবার সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে প্রথমে রংপুর এবং পরবর্তীতে রাজশাহীতে আসেন তিনি।
রাজশাহীর কর্মসূচির অংশ হিসেবে ঐতিহাসিক ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন ও স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় শেষে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে সামরিক বিমানে ওঠার পূর্বে উপস্থিত রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে তিনি শুভেচ্ছা ও হাত মেলান।
এ সময় বিদায় সংবর্ধনায় প্রটোকল অনুযায়ী নির্ধারিত স্থান অতিক্রম করে বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী হাত মেলানোর পর প্রটোকল ভেঙে ঝুঁকে সামনে এগিয়ে আসার চেষ্টা করেন। সিভিল সার্ভিসের ভিআইপি নিরাপত্তা ব্যবস্থা ও সাধারণ আচরণবিধির এ সুনির্দিষ্ট লঙ্ঘনের বিষয়টি তাৎক্ষণিকভাবে উপস্থিত উচ্চপদস্থ কর্মকর্তা ও সফরসঙ্গীদের দৃষ্টিগোচর হয়।
তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা;
ঘটনাটির পরপরই সরকারের উচ্চপর্যায় থেকে বিষয়টিকে প্রশাসনিক শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য করে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। এরই প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি উচ্চপর্যায়ের সফরকালে নির্ধারিত নিরাপত্তা বিধি এবং কূটনৈতিক আচরণবিধি রক্ষা করা প্রতিটি সরকারি কর্মকর্তার জন্য বাধ্যতামূলক। নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবেই এ তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।




















