মান্নারগাঁওয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও মণ্ডপ পরিদর্শন করলেন এডভোকেট সাইফুল ইসলাম জনী
- আপডেট সময়ঃ ০২:৫৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / ৮৪ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৫নং মান্নারগাঁও ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে ইউনিয়নের প্রতিটি পূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেছেন বিশিষ্ট সমাজসেবক, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদী কণ্ঠস্বর এবং স্থানীয় মিতালী স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম জনী।

উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইউনিয়নের বিভিন্ন দুর্গা মণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, পুরোহিত ও স্থানীয় দর্শনার্থীদের সাথে কথা বলেন। এ সময় তিনি প্রতিটি মণ্ডপের নিরাপত্তা, আলোকসজ্জা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পূজা উদযাপনের বিষয়টির সার্বিক খোঁজখবর নেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার সুদৃঢ় আশ্বাস প্রদান করেন।


মণ্ডপ পরিদর্শনকালে এক সুধী সমাবেশে এডভোকেট সাইফুল ইসলাম জনী বলেন,
”ধর্ম যার যার, উৎসব সবার—এই চিরায়ত নীতিতেই আমাদের দোয়ারাবাজারের কৃষ্টি ও সংস্কৃতি গড়ে উঠেছে। মান্নারগাঁও ইউনিয়নে বহু বছর ধরে সব ধর্মের মানুষ সম্প্রীতি ও ভ্রাতৃত্বের সাথে বসবাস করে আসছে। কোনো অপশক্তি বা বৈষম্য যেন আমাদের এই অসাম্প্রদায়িক চেতনাকে বিনষ্ট করতে না পারে, সেজন্য আমাদের সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”
উল্লেখ্য, সমাজ সংস্কার ও যুবসমাজের কল্যাণে দীর্ঘদিন ধরে নিরলস কাজ করে যাচ্ছেন তরুণ এই আইনজীবী ও সমাজকর্মী। শিক্ষানুরাগী হিসেবে মিতালী স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করে তিনি শিক্ষার মানোন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন। একইসাথে এলাকার যেকোনো অন্যায্য কর্মকাণ্ড ও দুর্নীতির বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ও আপসহীন।
এলাকার সামাজিক উন্নয়ন, জনকল্যাণ ও তরুণদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার ধারাবাহিকতায় তিনি কিছুদিন আগে আসন্ন মান্নারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। প্রার্থী ঘোষণার পর থেকেই ইউনিয়নজুড়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

এই মণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে তিনি আবারও প্রমান করলেন এলাকার প্রতিটি স্তরের মানুষের সুখে-দুঃখে তিনি সবসময় পাশে আছেন। তাঁর এই আগমন ও শুভেচ্ছা বিনিময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়সহ সর্বস্তরের মানুষের মাঝে এক ইতিবাচক আমেজ সৃষ্টি করেছে।
মণ্ডপ পরিদর্শনকালে এডভোকেট সাইফুল ইসলাম জনীর সাথে মান্নারগাঁও ইউনিয়নের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন, ধর্মীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় তরুণ সমাজের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।



















