‘সিলেটে’ দুর্গাপূজার নিরাপত্তায় অনলাইন গুজব প্রতিরোধে (এসআরবি)এর বিশেষ তৎপরতা
- আপডেট সময়ঃ ০৪:২৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / ২৩ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট;
সুনামগঞ্জ ।। ১৬ অক্টোবর ২০২৬
সুনামগঞ্জসহ সিলেট বিভাগের সব জেলায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি)-৯ অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১ টায় সুনামগঞ্জ পৌর শহরের হাসননগর এলাকার দুর্গাবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন এসআরবির সুনামগঞ্জ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার (সিপিসি-৩) এএসপি মো. রোকুনুজ্জামান।
এসআরবি-৯ অধিনায়ক তাজমিনুর রহমান বলেন, এবারের দুর্গাপূজা সুন্দর ও নির্বিঘ্নে সম্পন্ন করতে র্যাব কাজ করছে। পূজামণ্ডপে টহল দল মোতায়েন রয়েছে। গুজব ছড়িয়ে কেউ যাতে উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারে, সে জন্য সাদা পোশাকে গোয়েন্দা সদস্য ও সাইবার টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি করছে।
তিনি বলেন, কোনো তথ্য পাওয়া গেলে তা যাচাইয়ের সুযোগ দিতে হবে। তথ্য মিথ্যা প্রমাণিত হলে গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পূজামণ্ডপে ২৪ ঘণ্টা স্বেচ্ছাসেবক রাখা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশেষ করে নারী ও শিশুরা যেন নিরাপদে পূজামণ্ডপে আসতে পারে, এই বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, আজ থেকে র্যাবের গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। আগামী ২১ অক্টোবর পর্যন্ত এই কার্যক্রম চলবে। এছাড়া যেকোনো নাশকতা বা উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় র্যাবের স্পেশাল ফোর্সের কমান্ডো দল প্রস্তুত রয়েছে।


















