“সিলেট ‘ সাহেবের বাজারে প্রবীণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, বাবা-ছেলে আহত: লুট লাখ টাকা ও স্বর্ণালঙ্কার
- আপডেট সময়ঃ ০৭:০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / ২৩ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট;
সুনামগঞ্জ ।। ২১ অক্টোবর ২০২৬
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ফরিংউড়া গ্রামে সাহেবের বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব দিলোয়ার আহমদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ২০ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সংঘটিত এ ঘটনায় দিলোয়ার আহমদ ও তাঁর ছেলে জামিল আহমদ আহত হয়েছেন। এ সময় বাড়ি থেকে নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, ২০ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে একদল সশস্ত্র ডাকাত খাদিমনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ফরিংউড়া গ্রামে দিলোয়ার আহমদের বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে।
পরিবারের সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা তাঁদের ওপর হামলা চালায় ও মারধর করে। এতে গৃহকর্তা দিলোয়ার আহমদ ও তাঁর ছেলে জামিল আহমদ আহত হন। পরে ডাকাত দল ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।
ডাকাতির ঘটনার পর আহতদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত বাবা-ছেলেকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানা গেছে। পাশাপাশি লুট হওয়া মালামাল উদ্ধার এবং ডাকাতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সাহেবের বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও এলাকার একজন পরিচিত সালিশ ব্যক্তিত্বের বাড়িতে এমন ডাকাতির ঘটনায় খাদিমনগর ইউনিয়ন ও সাহেবের বাজার এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার, লুট হওয়া মালামাল উদ্ধার এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাতের পুলিশি টহল জোরদার করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।




















