চেলা নদীতে বালু উত্তোলন নিয়ে দোয়ারাবাজারে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১৫
- আপডেট সময়ঃ ১০:৫৩:১৯ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
- / ৬১ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার সকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর ও পূর্বচাইরগাঁও গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার চেলা নদীতে বালু উত্তোলন নিয়ে শ্রীপুর গ্রামের নজরুল ইসলাম (২৫) এবং পূর্বচাইরগাঁও গ্রামের আরশাব উদ্দিনের (৩২) মধ্যে কথা-কাটাকাটি হয়।
এর জেরে বুধবার সকালে আরশাব উদ্দিনকে নদীতে একা পেয়ে নজরুল ও তার সহযোগীরা মারধর করেন। আরশাবের চিৎকারে পূর্বচাইরগাঁওয়ের লোকজন এগিয়ে এলে দুই গ্রামবাসীর মধ্যে রণক্ষেত্র তৈরি হয়।
সংঘর্ষে গুরুতর আহত মঈনউদ্দীন (২৫), শাহিন মিয়া (২৩), সাগর মিয়া (২৭), দেলোয়ার হোসেন (২৩), মমিন মিয়া (৪৮), আমীর হোসেন (৩৮), সরাজ মিয়া (৪৮), নজরুল ইসলাম (২৫) ও সাদ্দাম হোসেনসহ (৩০) অন্তত ১৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি গ্রাম্য সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “বালু উত্তোলন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্বে এই সংঘর্ষের সৃষ্টি হয়। পুলিশ ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে পরিস্থিতি এখন স্বাভাবিক। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”





















