সুনামগঞ্জ সদর হাসপাতালে আনসারের অভিযানে আটক প্রতারক -দালাল, পুলিশে সোপর্দ
- আপডেট সময়ঃ ০৯:৪৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / ৬৪ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট;
সুনামগঞ্জ ।। ১০ অক্টোবর ২০২৬
সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের প্রতারণার ফাঁদে ফেলে অর্থ আদায়ের অভিযোগে মো. জমিরুল (২৬) নামের এক দালালকে আটক করেছেন দায়িত্বরত অঙ্গীভূত আনসার সদস্যরা। গত ৯ অক্টোবর (শুক্রবার) রাত ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন পয়েন্টে রোগীদের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছিল একদল দালাল চক্র। শুক্রবার রাতেও জরুরি বিভাগের সামনে দালালির চেষ্টা চালান জমিরুল। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেন সেখানে কর্তব্যরত আনসার সদস্যরা।
অভিযান পরিচালনা ও দালাল আটকের বিষয়টি সাথে সাথেই হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরবর্তীতে আটককৃত জমিরুলকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
উক্ত অভিযানে সাহসিকতা ও সতর্কতার সঙ্গে ভূমিকা পালন করেন আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মো. মতিউর রহমান এবং আনসার সদস্য মো. আরমান হোসেন, মো. আলমগীর হোসেন ও মো. সাইদুর ইসলাম।
ভুক্তভোগী ও সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানে দালাল চক্রের অপতৎপরতার কারণে সাধারণ রোগীদের চিকিৎসাসেবা গ্রহণে চরম ভোগান্তিতে পড়তে হয়। আনসার সদস্যদের এমন তাৎক্ষণিক পদক্ষেপ হাসপাতালের সুশৃঙ্খল ও দালালমুক্ত পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জনসেবামূলক প্রতিষ্ঠানসমূহে সাধারণ মানুষের নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতে তাদের এই কঠোর নজরদারি ও সতর্ক অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















