খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে মানুষের ঢল, আশপাশ লোকে লোকারণ্য
- আপডেট সময়ঃ ০২:৫৯:১৫ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
- / ৪৫ বার পড়া হয়েছে।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেয়া হয়েছে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার জিয়ার মরদেহ। লাল সবুজের পতাকায় মোড়ানো লাশ বহনকারী গাড়িটি বুধবার সকাল সাড়ে ১১টার পর পর সেখানে প্রবেশ করে। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী থাকাকালীন যেসব বক্তব্য দিয়েছেন, সেসব বক্তব্য জানাজাস্থলে প্রচার করা হচ্ছে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ ও পুরো মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।
সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার মরদেহ
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে ১১টার পর পর প্রবেশ করেছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি।
মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে খালেদা জিয়ার মরদেহ
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নেয়া হচ্ছে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার জিয়ার মরদেহ। লাশ বহনকারী গাড়িটি লাল সবুজের পতাকায় মোড়ানো। বুধবার সকাল ১১টার দিকে বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের ১৯৬ নম্বর বাসায় থেকে মরদেহ নিয়ে যাওয়া হয়।
তারেক রহমানের কাছে ভারতের শোকবার্তা হস্তান্তর জয়শঙ্করের
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে ভারত। বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বড় ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে শোকবার্তা হস্তান্তর করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় পাকিস্তানের স্পিকার
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সারদার আয়াজ সাদিক।
বুধবার পাকিস্তান হাই কমিশন বাংলাদেশ তাদের ফেসবুক পেজে এ খবর জানায়।
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় পৌঁছেছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এস জয়শঙ্কর ভারতীয় বিমানবাহিনীর বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান।















