সেবাগ্রহীতাদের সচেতনতা নিয়ে প্রশ্ন
লিগ্যাল এইড অফিসের অভিযোগ বক্সে বাদামের খোসাঃ
- আপডেট সময়ঃ ১০:০৩:০২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / ৩ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসের সেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছিল একটি ‘অভিযোগ ও পরামর্শ বক্স’। লক্ষ্য ছিল বিচারপ্রার্থী সাধারণ মানুষের সুবিধা-অসুবিধার কথা জানা।
তবে সেই বক্স খুলে কর্তৃপক্ষের চোখ চড়কগাছ। অভিযোগের চিঠির বদলে সেখানে স্তূপ হয়ে আছে কেবল বাদামের খোসা।
সরকারি দপ্তরে সেবার মান বাড়াতে কর্তৃপক্ষের এমন উদ্যোগকে যখন সচেতন মহল সাধুবাদ জানাচ্ছিল, তখন একদল কাণ্ডজ্ঞানহীন মানুষের এমন আচরণ সংশ্লিষ্টদের হতাশ ও বিব্রত করেছে।
জেলা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত লিগ্যাল এইড অফিসে প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ আইনি সহায়তা নিতে আসেন। তাদের সরাসরি মতামত গ্রহণের জন্য অফিসের প্রবেশমুখে একটি স্বচ্ছ বক্স স্থাপন করা হয়।
কয়েকদিন পর জমা পড়া অভিযোগগুলো পর্যালোচনার জন্য বক্সটি খোলা হলে দেখা যায়, ভেতরটি বাদামের খোসায় প্রায় ভর্তি। কোনো একটি চিরকুট বা পরামর্শের ছিটেফোঁটাও মেলেনি সেখানে।
বিষয়টি নিয়ে অফিসের এক কর্মকর্তা কিছুটা রসিকতার ছলে বলেন: “হয়তো মানুষ অভিযোগ দেওয়ার চেয়ে বাদাম খেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। তবে জনগুরুত্বপূর্ণ একটি বক্সে এভাবে ময়লা ফেলা কাম্য নয়।”
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখার চেষ্টাও করছেন। তাদের মতে, কোনো লিখিত অভিযোগ না পাওয়া হয়তো সেবার প্রতি মানুষের সন্তুষ্টিরই বহিঃপ্রকাশ। তবে ডাস্টবিন হিসেবে বক্সটির ব্যবহার জনসাধারণের অসচেতনতাকেই ফুটিয়ে তুলেছে।
স্থানীয় আইনজীবীরা মনে করছেন, সাধারণ মানুষকে লিগ্যাল এইড অফিসের গুরুত্ব এবং তাদের অধিকার সম্পর্কে আরও সচেতন করা প্রয়োজন। অভিযোগ বক্সটি যে আবর্জনা ফেলার জায়গা নয়, বরং নাগরিক অধিকার আদায়ের একটি মাধ্যম, এই বার্তাটি জনগণের কাছে পৌঁছানো জরুরি।
ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম জনী বলেন: ”লিগ্যাল এইড অফিসের সামনে এই অভিযোগ বক্সটি স্থাপন করা হয়েছিল মূলত বিচারপ্রার্থী দরিদ্র ও অসহায় মানুষের কণ্ঠস্বর শোনার জন্য। কিন্তু সেখানে অভিযোগের পরিবর্তে বাদামের খোসা পাওয়া অত্যন্ত দুঃখজনক এবং এটি আমাদের নাগরিক অসচেতনতারই বহিঃপ্রকাশ।”
তিনি আরও বলেন, “সরকারি সম্পদ ও সেবামূলক উদ্যোগের প্রতি আমাদের আরও যত্নশীল হওয়া উচিত। তবে মুদ্রার উল্টো পিঠ দেখলে এটিও ভাবা যেতে পারে যে, লিগ্যাল এইড সেবায় সাধারণ মানুষ হয়তো এতটাই সন্তুষ্ট যে তাদের কোনো অভিযোগ নেই। তবুও, আমি আশা করবো মানুষ এই বক্সটির প্রকৃত গুরুত্ব অনুধাবন করবেন এবং ভবিষ্যতে গঠনমূলক পরামর্শ দিয়ে বিচারিক সেবা ত্বরান্বিত করতে সহায়তা করবেন।”
আপাতত বক্সটি আগের স্থানেই রাখা হয়েছে। কর্তৃপক্ষ আশা করছেন, ভবিষ্যতে মানুষ এখানে কেবল ময়লা নয়, বরং প্রতিষ্ঠানের সেবার মান বাড়াতে গঠনমূলক পরামর্শ প্রদান করবেন।


















