লেস্টারের সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি, শেফিল্ডে স্থায়ী হলেন বাংলাদেশের হামজা চৌধুরী
- আপডেট সময়ঃ ০২:৪৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ১১ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট;
০১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীর সঙ্গে ইংলিশ ক্লাব লেস্টার সিটির দীর্ঘ ২১ বছরের সম্পর্কের অবসান হলো। শৈশব থেকে ক্লাবটির সঙ্গে যুক্ত থাকা এই মিডফিল্ডার এবার স্থায়ীভাবে যোগ দিয়েছেন শেফিল্ড ইউনাইটেডে। ২৮ বছর বয়সী হামজাকে এক বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে ইংলিশ ক্লাবটি। তবে ট্রান্সফার ফির অঙ্ক প্রকাশ করা হয়নি।
এর আগে ২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয়ার্ধে ধারে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলেছিলেন হামজা। সে সময় ক্লাবটির জার্সিতে ১৬টি লিগ ম্যাচে মাঠে নামেন তিনি। এর মধ্যে সান্ডারল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নশিপ প্লে-অফ ফাইনালও ছিল। যদিও সেই ম্যাচে হারের হতাশা নিয়ে মৌসুম শেষ করতে হয়েছিল শেফিল্ডকে।
লেস্টারের একাডেমি থেকেই ফুটবলে উঠে আসেন হামজা। ক্লাবটির মূল দলের হয়ে ১১ মৌসুমে মোট ১৬৬টি ম্যাচ খেলেছেন তিনি। চলতি মৌসুমেও লেস্টারের হয়ে তিনটি ম্যাচে মাঠে নেমেছিলেন এই বাংলাদেশি মিডফিল্ডার।
লেস্টারে হামজার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় আসে ২০১৫-১৬ মৌসুমে। ওই মৌসুমে লেস্টার সিটি ইতিহাসে প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতে। ২০২১ সালে চেলসিকে হারিয়ে লেস্টারের এফএ কাপ জয়ের দলেও ছিলেন হামজা।
শেফিল্ড ইউনাইটেডে হামজার প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত কোচ ক্রিস ওয়াইল্ডার। ক্লাবের ওয়েবসাইটে তিনি জানান, দলকে আরও শক্তিশালী করতে হামজাকে ফেরানো গুরুত্বপূর্ণ ছিল।
ওয়াইল্ডার বলেন, “আমরা সবাই জানি, হামজা এই ভূমিকা এবং এর চেয়েও অনেক বেশি কিছু করতে পারে। এখানে তার প্রথম মেয়াদের শেষ ১০ ম্যাচে সে নিঃসন্দেহে আমাদের সেরা খেলোয়াড় ছিল। এর মধ্যে প্লে-অফের সেমিফাইনাল ও ফাইনালও রয়েছে।”
এর আগে ২০২২-২৩ মৌসুমে ওয়াটফোর্ডে ধারে খেলার সময়ও ওয়াইল্ডারের অধীনে খেলেছিলেন হামজা। পুরোনো কোচের সঙ্গে আবারও কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তিনিও।
হামজা বলেন, “ওয়াটফোর্ডে অল্প সময়ের জন্য এবং এরপর এখানে আমার শেষ মেয়াদে এই ম্যানেজারের সঙ্গে কাজ করেছি। আমরা সবসময় যোগাযোগ রেখেছি। আমি তার অধীনে খেলতে সত্যিই ভালোবাসি।”
তবে লেস্টার ছাড়ার সিদ্ধান্তটি হামজার জন্য নিছক পেশাগত কোনো পরিবর্তন নয়; এর সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘ আবেগ ও স্মৃতি। জীবনের প্রায় ২১ বছর কাটানো ক্লাবটি ছেড়ে নতুন অধ্যায়ে পা রাখছেন তিনি।
হামজা বলেন, “এটা আমার জন্য বড় একটি পরিবর্তন। আমি প্রায় ২১ বছর ধরে লেস্টারে আছি। তাই এটা আমার এবং আমার পরিবারের জন্য বড় পরিবর্তন। তবে আমি এর জন্য সত্যিই উন্মুখ হয়ে আছি।”
লেস্টারের একাডেমিতে বেড়ে ওঠা থেকে শুরু করে ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জয়ের অভিজ্ঞতা—সব মিলিয়ে হামজা চৌধুরীর ক্যারিয়ারে লেস্টার সিটির অধ্যায়টি ছিল দীর্ঘ ও স্মরণীয়। এবার শেফিল্ড ইউনাইটেডে নতুন চ্যালেঞ্জ নিয়ে ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় শুরু করতে যাচ্ছেন বাংলাদেশের এই তারকা ফুটবলার।










