সুনামগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: জনবান্ধব পুলিশিংয়ের ওপর গুরুত্বারোপ
- আপডেট সময়ঃ ০৯:০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / ৩১ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জ জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১২ জানুয়ারি) দিনব্যাপী পৃথক দুটি অধিবেশনে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পুলিশ সদস্যদের পেশাগত মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম-এর সভাপতিত্বে সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল পুলিশ সদস্যদের সুযোগ-সুবিধা ও তাদের সমস্যার সমাধান।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষের সঞ্চালনায় সভায় উপস্থিত জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা তাদের আবাসন, চিকিৎসা, ছুটি এবং ডিউটি সংক্রান্ত বিভিন্ন সীমাবদ্ধতা ও দাবি তুলে ধরেন।
পুলিশ সুপার সদস্যদের বক্তব্য ধৈর্য সহকারে শোনেন এবং তাৎক্ষণিকভাবে কিছু সমস্যার সমাধান দেন। বাকি সমস্যাগুলো দ্রুততম সময়ে সমাধানের জন্য সংশ্লিষ্ট শাখাগুলোকে কঠোর নির্দেশনা প্রদান করে তিনি বলেন,
“পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা রাখতে তাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করা আমাদের অগ্রাধিকার।”
পরবর্তীতে দুপুর ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে ডিসেম্বর-২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় জেলার প্রতিটি থানার মামলাওয়ারী তদন্তের অগ্রগতি মূল্যায়ন করা হয়।
সভায় পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকায় সন্তোষ প্রকাশ করেন। তবে মাদক নির্মূল, পরোয়ানা তামিল (ওয়ারেন্ট), চুরি-ডাকাতি রোধ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতে কোনো ধরনের আপস না করার নির্দেশ দেন। বিশেষ করে ঝুলে থাকা গুরুত্বপূর্ণ মামলাগুলোর দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তিনি কর্মকর্তাদের তাগিদ দেন।
সভায় জেলা পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মো: রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) শেখ মো: মুরসালিন, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) প্রণয় রায়, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) এস এম ফজলে রাব্বি রাজিব।
এছাড়াও জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), ডিবি প্রধান এবং ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা সভায় অংশগ্রহণ করেন। সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করার বিষয়েও আলোচনা হয়।











