সুনামগঞ্জে ডিবির অভিযানে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময়ঃ ০১:৫৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৪ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২৬
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অভিযানের সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, ১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে সুনামগঞ্জ সদর মডেল থানাধীন পূর্ব নতুনপাড়ার অসিমের পয়েন্টের পূর্ব পাশে নুরুল আমিনের ফার্নিচারের দোকানের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. কামাল হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় মো. রিপন ওরফে ‘মুরগী রিপন’ (৩০) এবং মো. জুনেদ (৩১)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রিপন সুনামগঞ্জ সদর উপজেলার হাসননগর সুলতানপুর এলাকার শাহেদ আলীর ছেলে এবং জুনেদ একই উপজেলার মাইজবাড়ি এলাকার মো. জমিরুল হকের ছেলে।
অভিযানে তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি পুরোনো নোকিয়া বাটন মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন পুরোনো লাল রঙের বাজাজ সিটি-১০০ ইএস মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশের তথ্যমতে, জব্দকৃত আলামতের আনুমানিক সর্বমোট মূল্য এক লাখ টাকা।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।










