সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের অভিযোগ
- আপডেট সময়ঃ ১২:৩৭:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ৮২ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট
৩০ আগস্ট ২০২৬
সুনামগঞ্জ পৌর শহরে নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৩০ আগস্ট) দিনের কোনো একসময় শহরের ওয়েজখালী এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সহসভাপতি শামসুদ্দিন রাজনের নেতৃত্বে অনুষ্ঠিত ওই মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের সমর্থকরা অংশ নেন।
মিছিলের অগ্রভাগে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের এপিএস এবং কার্যক্রম নিষিদ্ধ শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে উল্লেখ করা পাভেল আহমেদকেও দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রগুলো জানায়, ঝটিকা মিছিলে জেলার বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সমর্থকরাও অংশ নেন। মিছিলটি স্বল্প সময়ের মধ্যে শেষ করে অংশগ্রহণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানা গেছে।
মিছিলের ব্যানারে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি নুরুল হুদা মুকুট ও তাঁর সহোদর খায়রুল হুদা চপলের ছবি ছিল। একই ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন সফল করার লক্ষ্যে ‘স্বাগত মিছিল’-সংক্রান্ত বক্তব্য এবং নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে’র নামও লেখা ছিল বলে প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি বা ভিডিওতে প্রদর্শিত মিছিলটি সাম্প্রতিক সময়ের নাকি পূর্বের কোনো ঘটনার—এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, “মিছিলটির সত্যতা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। অনেক সময় আগের মিছিলের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হয়। তদন্ত করে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মিছিলটি কখন, কোথায় এবং কারা আয়োজন করেছে—এসব বিষয় যাচাই করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।










