বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ
- আপডেট সময়ঃ ০৫:০০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
- / ৩৪০ বার পড়া হয়েছে।
দেশের আইনজীবীদের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এই পরীক্ষায় পাস করেছেন ১৩ হাজার ২৫৮ জন। গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) রাতে বার কাউন্সিলের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
গতকাল বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণের উপযুক্ত মোট পরীক্ষার্থী ছিল ৪০ হাজার ৬২৭ জন।
আইন পেশায় যুক্ত হওয়ার জন্য একজন শিক্ষার্থীকে বার কাউন্সিলের তিন ধাপের পরীক্ষা দিতে হয়। এমসিকিউ, লিখিত ও মৌখিক। এই তিন ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই তিনি জেলা আইনজীবী সমিতির সদস্য হয়ে আইনজীবী হিসেবে কাজ করার সুযোগ পান।
অপরদিকে অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার কিছু ভুয়া প্রশ্নপত্র সরবরাহের তথ্য কর্তৃপক্ষের গোচরীভূত হয় এবং এই বানোয়াট প্রশ্ন ছড়ানোর অভিযোগে জনৈক মিজানুর রহমান নামে এক ব্যাক্তিকে ইতোমধ্যে গোয়েন্দা সংস্থার সদস্যরা গ্রেপ্তার করেছে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ভুয়া প্রশ্নপত্র প্রস্তুত ও প্রচারের মাধ্যমে এই পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ ও পরীক্ষার্থীদের বিভ্রান্ত করার মতো ঘৃণ্য কর্মকান্ডের সঙ্গে যে বা যারাই জড়িত থাকবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে মর্মে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃপক্ষ দৃঢ়তার সাথে ঘোষণা করছে।











