সিলেটে ম্যাচ চলাকালীন হার্ট অ্যাটাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু
- আপডেট সময়ঃ ০২:৫৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
- / ১৪২ বার পড়া হয়েছে।
বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিলেট টেস্টের চতুর্থ দিন সকালে দায়িত্ব পালনরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিকিউরিটি কমিটির কর্মকর্তা ইকরাম চৌধুরী। বম্ব ডিসপোজাল ইউনিটের হয়ে আজ সকালে মাঠ পর্যবেক্ষণে এলে অসুস্থ হয়ে পড়েন তিনি। সিলেটের স্থানীয় আল আরমাইন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। দ্রুত অবস্থার অবনতি হলে ইকরামকে হাসপাতালের সিসিইউয়ের ভেন্টিলেশনে রাখা হয়। এরপর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দীর্ঘ ১১ বছর বিসিবি’র সিকিউরিটি কমিটির সঙ্গে কাজ করেছেন ইকরাম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ হলে নিরাপত্তার দায়িত্বে থাকতেন তিনি। ভেন্যুটির সিকিউরিটি কো-অর্ডিনেটরের দায়িত্বে থাকা ইকরামের মৃত্যুতে শোক জানিয়েছে বিসিবি। শোকবার্তায় বলে হয়, ‘সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সিকিউরিটি কো–অর্ডিনেটর ইকরাম চৌধুরীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত বিসিবি। সিলেট ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত মুখ ছিলেন ইকরাম চৌধুরী। ২০১৪ সাল থেকে তিনি বিসিবির সিকিউরিটি কমিটির সঙ্গে কাজ করছিলেন। ইকরাম চৌধুরীর পরিবারের প্রতি শোক ও সহমর্মিতা জানাচ্ছে বিসিবি।’











